টিভি চ্যানেলে ক্ষমা চেয়েছেন অনিল কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দশ কা দম’ অনুষ্ঠানে অনিল কাপুর ও সালমান খান
‘দশ কা দম’ অনুষ্ঠানে অনিল কাপুর ও সালমান খান

বলিউড তারকা সালমান খানের গেম শো ‘দশ কা দম’-এর নতুন মৌসুম শুরু হয়েছে। সালমান খান এই অনুষ্ঠানে কেবল প্রতিযোগীদের বুদ্ধিমত্তাই পরীক্ষা করেন না, অনুষ্ঠানের মঞ্চে প্রায়ই আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। সম্প্রতি অভিনেতা অনিল কাপুর হাজির হন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সবার সামনে নিজের মায়ের কাছে ক্ষমা চান।

‘রেস থ্রি’ ছবির তারকা অনিল কারপুরকে সালমান খান প্রশ্ন করেন, ‘ভারতের কত শতাংশ মানুষ প্রতিদিন তাঁদের মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন?’ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অনিল। ‘রাম লক্ষণ’ ছবির এই তারকার তখন নিজের মায়ের কথা মনে পড়ে যায়। অনুষ্ঠানের মঞ্চেই তিনি তাঁর মায়ের কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়ার কারণ, ব্যস্ততার কারণে নিয়মিত মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না তিনি।

‘রেস থ্রি’ ছবির ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে ববি দেওল, অনিল কাপুর ও সালমান খান
‘রেস থ্রি’ ছবির ট্রেলারের উদ্বোধনী অনুষ্ঠানে ববি দেওল, অনিল কাপুর ও সালমান খান

অনিল কাপুর বলেন, ‘আমার স্ত্রী সুনিতা প্রতিদিন আমাকে মায়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। আমার বন্ধুদের সংস্পর্শে থাকলেও বারবার অনুরোধ করে সে। কিন্তু হয়ে ওঠে না। আজ আমি একটি জাতীয় গণমাধ্যমে আমার মায়ের কাছে ক্ষমা চাইছি। কারণ, আমি তাঁর প্রতি যথেষ্ট ভালোবাসা দেখাতে পারিনি।’

অনিল কাপুর নিজেও তিন সন্তানের বাবা। দুই মেয়ে সোনম কাপুর ও রিয়া কাপুর, আর একমাত্র ছেলে হর্ষবর্ধন কাপুর। তিনজনই বলিউডের সঙ্গে সম্পৃক্ত। এদিকে অনিল কাপুর ‘রেস’ সিরিজের সব ছবিতেই অভিনয় করেন। নতুনটিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভাই সঞ্জয় কাপুর ও মা নির্মল কাপুরের সঙ্গে অনিল কাপুর
ভাই সঞ্জয় কাপুর ও মা নির্মল কাপুরের সঙ্গে অনিল কাপুর

এ ছাড়া ‘রেস থ্রি’র মাধ্যমে দীর্ঘদিন পর বড় বাজেটের ছবিতে ফিরছেন ববি দেওল। রেমো ডি’সুজা পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে আরও আছেন সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও সাকিব সেলিম। ১৫ জুন মুক্তি পাবে ‘রেস থ্রি’। এদিকে, ৪ জুন থেকে সনি চ্যানেলে শুরু হয়েছে ‘দশ কা দম সিজন থ্রি’। দীর্ঘ নয় বছর পর এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন সালমান খান।