টিভি তারকা করন পরঞ্জপে নেই

ভারতীয় মেডিকেল ড্রামা সিরিজ ‘দিল মিল গ্যায়ে’তে অভিনয় করেছিলেন করন পরঞ্জপে। বয়স মাত্র ২৬ বছর। গত রোববার বেলা ১১টায় মুম্বাইয়ের বাসায় ছোট পর্দার এই তারকাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন করন।
স্টার ওয়ানে ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত প্রচারিত হয় ‘দিল মিল গ্যায়ে’। এতে ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত অভিনয় করেন করন। জনপ্রিয় এই সিরিয়ালে তাঁর চরিত্রের নাম ছিল ‘জিগ্নেশ’। সিরিয়ালে ‘জিগি’ নামে সবাই ডাকতেন তাঁকে। পরে বাস্তবেও তাঁকে এই নামে অনেকেই ডাকতেন। এই একটিমাত্র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। পরে একটি মিউজিক চ্যানেলে সেলিব্রিটিদের নিয়ে টক শো করেন করন।
সংবাদমাধ্যম জানতে পেরেছে, করন তাঁর মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। বাসায় করনকে মৃত অবস্থায় প্রথম দেখতে পান মা। হঠাৎ ছেলের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি।
সহকর্মীদের মতে, করন খুব মজা করতেন। অল্প সময়েই সবার পছন্দের একজন হয়ে যান তিনি। যেকোনো আসরে করন ছিলেন মধ্যমণি। এ কারণেই ‘দিল মিল গ্যায়ে’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করেও তিনি ছিলেন সবার বন্ধু, আপনজন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সহকর্মীদের মধ্যে। তাই তো করনের মৃত্যুতে তাঁর সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। হিন্দুস্থান টাইমস।