টুইঙ্কেলের প্রেমে পড়েছিলেন করণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইঙ্কেল খান্না ও করণ জোহর
টুইঙ্কেল খান্না ও করণ জোহর

করণ জোহরের ছোটবেলার প্রেমকাহিনি ফাঁস করে দিলেন তাঁরই শৈশবের বন্ধু টুইঙ্কেল খান্না। অভিনেত্রী টুইঙ্কেল খান্না অবশ্য অভিনয় ছেড়েছেন বেশ কিছুদিন আগে। লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। সম্প্রতি তাঁর লেখা বইয়ে​র প্রকাশনা অনুষ্ঠানে টুইঙ্কেল বলেছেন, করণ জোহর আর তিনি যখন একসঙ্গে বোর্ডিং স্কুলে পড়তেন সে সময় তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন করণ।

‘মিসেস ফানিবোনস’ নামের বইটির প্রকাশনা অনুষ্ঠানে টুইঙ্কেল বলেন, ‘করণ যে আমাকে ভালোবাসে এ কথা সে নিজেই আমাকে জানিয়েছিল।’ অনুষ্ঠানে টুইঙ্কেলের স্বামী অক্ষয় কুমার, মা ডিম্পল কাপাডিয়া, আমির খান, সোনালি বেন্দ্রে সহ বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন।
‘বাদশা’, ‘মেলা’, ‘যব পেয়ার কিসিসে হোতা হায়’ এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল।
এ অনুষ্ঠানে করণের সঙ্গে ছোটবেলার অনেক মজার স্মৃতির কথাও বলেন অক্ষয় পত্নী টুইঙ্কেল। তিনি বলেন, ‘বোর্ডিং স্কুলে পড়ার সময় আমি করণের জন্য ক্যানটিন থেকে খাবার পর্যন্ত চুরি করেছি। করণের সব সময় ক্ষুধা পেত আর আমাকেই সে খাবার চুরি করে এনে দিতে বলত। একপর্যায়ে আমি বিরক্ত হয়ে বলেছিলাম— তোমার জন্য আর খাবার চুরি করতে পারব না।’
আমির খানের জনপ্রিয় ‘তারে জামিন পার’ ছবির শুটিং যে স্কুলে হয়েছিল; সেই বোর্ডিং স্কুলেই একসঙ্গে পড়তেন টুইঙ্কেল ও করণ জোহর।
২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন টুইঙ্কেল এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন।
বর্তমানে অক্ষয়-টুইঙ্কেল দম্পতির দুটি সন্তান রয়েছে। (আইএএনএস)