টুইটারে এলেন কমল হাসান

অমিতাভ বচ্চন, অনুপম খেরসহ ভারতের অনেক বর্ষীয়ান অভিনেতা বহু আগে থেকে টুইটারে সক্রিয় থাকলেও ভারতের তারকা অভিনেতা কমল হাসান ছিলেন না। কিন্তু এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে সামাজিক যোগাযোগের খুদে ব্লগসাইট টুইটারে নাম লিখিয়েছেন এই তামিল সুপারস্টার।
কমল হাসান ২৬ জানুয়ারি রাত আটটা তিন মিনিটে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম টুইটটি করেন। এ অভিনেতা তাঁর প্রথম টুইট বার্তায় লিখেছেন, ভারতের স্বাধীনতার সংগ্রাম আজও অসাধারণ। সম্মান জানানোটাই বিশ্বমান তৈরি আর স্বাধীনতা রক্ষার একমাত্র উপায়।
টুইটারে কমল হাসানকে স্বাগত জানিয়েছেন তাঁর মেয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী শ্রুতি হাসান। বাবা কমল হাসানকে এক টুইট বার্তায় শ্রুতি হাসান লিখেছেন, টুইটারে এটি আমার সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। স্বাগত আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে।
টুইটারে তাঁর প্রোফাইলে কমল হাসান নিজেকে একজন অভিনেতা, পরিচালক, লেখক, নর্তক ও প্রযোজক হিসেবে তুলে ধরেছেন।
৬১ বছর বয়সী তারকা অভিনেতা কমল হাসান মেয়ে শ্রুতি হাসানকে টুইটারে তাঁকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন।
কমল হাসানের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সাদমা’, ‘ইন্ডিয়ান’, ‘হে রাম’, ‘চাচি ৪২০’। এনডিটিভি।