টুইটারে মাধুরী, 'আমিরকে তাড়া করেছিলাম'

আমির খান এখন বেশ ‘সিরিয়াস’ মানুষ। কিন্তু একসময় তাঁর মতো দুষ্টু নায়ক নাকি খুব কমই ছিল। সেই দুষ্টুমির কথাই মাধুরী দীক্ষিত এবার জানালেন টুইটারে।
১৯৯০ সালের জনপ্রিয় ছবি ‘দিল’-এর শুটিং চলছিল তখন। একদিন আমির খান মজা করে মাধুরীকে নিয়ে বেশ ফাজলামো করেছিলেন। শেষমেশ মাধুরী হকিস্টিক তুলে তাড়া করেছিলেন আমির খানকে!
সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ৪৯ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী বলেন, ‘দিল'-এর সেটে আমিরকে তাড়া করেছিলাম। এখন পর্যন্ত এরচেয়ে বড় পাগলামি আর করিনি।’
টুইটারে আরেক ভক্তের প্রশ্ন ছিল, কার অভিনয় মাধুরীকে অনুপ্রাণিত করেছে?
উত্তরে মাধুরী কোনো একজনের নাম নিলেন না। বললেন, ‘এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। যখনই কোনো ভালো অভিনয় দেখি, তখনই নিজের কাজ আরও ভালো করার তাগিদ অনুভব করি। তাই আমি একজন বিশেষ অভিনয়শিল্পীর নাম বলতে পারব না, বরং অনেকগুলো ভালো অভিনয়ের কথা বলতে পারি। বছরের পর বছর ধরে সেগুলো আমি দেখেছি, এমনকি এখনকার তরুণদের কাজ দেখেও অনুপ্রেরণা পাই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।