টুইটারে যুদ্ধ!

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং প্রযোজক কামাল রশিদ খানের মধ্যে টুইটারে চলছে ‘তুমুল যুদ্ধ’। ‘ভোগ’ ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে ভারতীয় তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট মডেল হয়েছেন। শুক্রবার সেই ছবি প্রকাশ করার পরেই এই ‘যুদ্ধ’-র সূত্রপাত।
‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে আলিয়াকে সি বিচের পোশাকে দেখে কামার আর খান একটি টুইট বার্তায় লিখেছেন, ‘এই ছবিতে আলিয়াকে একদম শিশুর মত দেখাচ্ছে। এরপরেও কেউ কেউ জোর করে তাঁকে এমন পোশাক পরাচ্ছেন।’
প্রচ্ছদের সেই ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে কামাল ২২ বছর বয়সী অভিনেত্রী আলিয়াকে ‘বাচ্চি’ বা বাচ্চা বলে উল্লেখ করেন।
কামালের এমন ‘অভদ্র’ বক্তব্যে যথেষ্ট চটেছেন আলিয়ার কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। কামাল আর খানের সেই টুইটের জবাবে এই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা লিখেছেন, ‘ স্যার, আমরাও আপনার মুখ বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনি কি না বলেই যাচ্ছেন।’
এরপর আবার কামাল সিদ্ধার্থকে উদ্দেশ্য করে টুইট করেন,‘ স্যার জি, আপনাদের অভিনয় থামানোর জন্য তো ভারতের লোক কতো চেষ্টা চালাচ্ছে কিন্তু আপনারাতো (সিদ্ধার্থ-আলিয়া) অভিনয় করে দর্শককে জ্বালাতন করেই যাচ্ছেন।’
এভাবে চলতেই থাকে টুইটে টুইটে তাঁদের বাক বিতন্ডা।
সিদ্ধার্থ এখন পর্যন্ত তাঁর শেষ টুইটে কামালের উদ্দেশে লিখেছেন,‘ আমার মনে হয় আপনার ইংরেজি পাঠের ক্লাস শুরু করা উচিত। যেহেতু আপনি আমার আগের টুইটের অর্থ পড়তে ও বুঝতে পারেননি।’
এ রকম কড়া টুইটের পরও বিরত হননি নাছোড় কামাল, বরং তিনি সিদ্ধার্থর কাছে ইংরেজী শিক্ষার জন্য খুব শীগগিরই আসবেন বলে খোঁচা দিয়েছেন তাঁকে। তবে, যাকে নিয়ে এতো কথা সেই আলিয়া এই বিষয়ে এখনো নিরব আছেন, কারণ তাঁর হয়ে সিদ্ধার্থই যে সব জবাব দিয়ে দিচ্ছেন।
এর আগে বলিউডের অন্যান্য তারকাও কামাল আর খানের এমন আক্রমণাত্মক মন্তব্যের শিকার হয়েছেন। এই তালিকায় আছেন সোনাক্ষী সিনহা, রাম গোপাল ভার্মা, করণ জোহর এবং কপিল শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেস।