টুইটের অর্থ পরিষ্কার করলেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

কিছুদিন আগে শাহরুখ একটি টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমি একজন যোদ্ধা, বামন ও গাইড’। তাঁর সেই টুইটে কিছুটা রহস্যের গন্ধও ছিল। অনেকে ধারণা করে নিয়েছিলেন, ‘কিং খান’ তাঁর পরবর্তী তিন ছবিতে এই চরিত্রগুলোতে অভিনয় করবেন। কিন্তু নায়ক এবার নিজেকেই খোলাসা করলেন তাঁর সেই টুইটের অর্থ।
শাহরুখ বলেছেন, তিনি যা করছেন তা নিয়েই যে সব সময় টুইট করেন তা নয়। অনেক সময় যা পড়েন, সেটা নিয়েও কথা বলেন। কয়েকটি পত্রিকায় উড়ো খবর বেরিয়েছিল, আদিত্য চোপড়ার একটি ছবিতে যোদ্ধার ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। আবার ইমতিয়াজ আলীর একটি ছবিতে নাকি তিনি গাইডের চরিত্রে অভিনয় করবেন—এমন কথাও শোনা যাচ্ছিল। আর এই ধরনের কিছু খবর পড়েই শাহরুখ নাকি সেই টুইটটি করেছিলেন।
তবে তাঁর দুর্বোধ্য টুইটটি পড়ে লোকে ভেবে নিয়েছিল, শাহরুখ সত্যি সত্যি বুঝি এই চরিত্রগুলোতে অভিনয় করছেন।
অবশ্য আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে যে তিনি বামন হবেন, এই খবর সত্য। কিং খান নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ইন্ডিয়া টুডে।