টেকেনি রেখার কোনো সংসার

রেখা-অমিতাভের প্রেম নিয়ে তুমুল জল্পনাকল্পনা। রেখা নিজেকে অমিতাভের স্ত্রী হিসেবেও দাবি করেছিলেন কোনো এক সময়। কোনো কিছু টিকল না জয়া বচ্চনের কাছে। জয়াই জয় করলেন বলিউড শাহেনশাকে।
তারপর সব পরাজয় মেনে নিয়ে অমিতাভের কাছ থেকে নিজেকে সরিয়ে আনলেন রেখা। ঠিক ওই সময়টাতে, যখন রেখার নামের সঙ্গে ‘ড্রিম গার্ল’ শব্দটা বসাতে কার্পণ্য করতেন না কেউই, সিনেমার পর্দায় তাঁর লাস্যময়ী উপস্থিতি বুকে কাঁপন ধরাত দর্শকদের মনে; এমন পরিস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত নিলেন অগোছালো জীবনে থিতু হতে। এটা অবশ্য ছিল তাঁর ব্যক্তিগত জীবনের ক্ষত ঢাকার আপ্রাণ চেষ্টা। ১৯৭৩ সালে অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেন রেখা। কিন্তু সুখ কি তাঁর কপালে জোটে?

বিয়ের পর শ্বশুরবাড়ি আশীর্বাদ নিতে গেলে বিনোদ মেহরার মা তাঁর দিকে জুতা নিয়ে তেড়ে গিয়েছিলেন। একপর্যায়ে জুতা ছুড়েও মারেন রেখার দিকে।
বিয়ের দিন জুতা-দর্শনের ঘটনায় হকচকিয়ে যান রেখা। এ রকম ঘটনা যে ঘটবে, তা ভাবতেই পারেননি স্বপ্নকন্যা। সংগত কারণে টিকল না এ সংসার।
আবারও হতাশায় ডুবে যান রেখা। তারপর একাকী কেটে গেল কয়েকটি বছর। এরপর নব্বইয়ে রেখার বিয়ে হয় ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে। কিন্তু রেখা-মুকেশ সম্পর্কেও চিড় ধরে কিছুদিনের মধ্যেই। রেখার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মুকেশের। রেখার সঙ্গে বিচ্ছেদের পরই অবসাদে ভুগতে থাকা মুকেশ শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সেদিন তাঁর গলায় জড়িয়ে ছিল রেখার ওড়না।
স্বামী মুকেশের আত্মহত্যার পর চারদিক থেকে রেখার দিকে উড়ে এসেছিল ভর্ৎসনা। এ ঘটনায় রেখাকে দায়ী করে তাঁকে রীতিমতো আক্রমণ করেন শশী কাপুর, অনুপম খের থেকে সুভাষ ঘাইয়ের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব। আবার দুর্যোগের ঘনঘটা নেমে আসে রেখার জীবনে। পর্দায় তারকা থেকে একজন ঘরনি হতে কতই-না মূল্য চুকাতে হয় এ তারকাকে।
সূত্র: ইয়াসির উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বই থেকে।