ট্রানজিস্টর নিয়ে আনুশকার পিকে পোস্টার প্রকাশিত

কথা রাখলেন পিকে ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে রূপদানকারী বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। ট্রানজিস্টর নিয়ে পিকে ছবির মোশন পোস্টারে হাজির হবেন বলে ঘোষণা দেন আনুশকা। ঘোষণা অনুযায়ী পিকে ছবির নতুন মোশন পোস্টারে ট্রানজিস্টরসহ দেখা গেছ তাঁকে।
পিকে ছবির পোস্টারে ট্রানজিস্টরে আব্রু সামলে জন্মদিনের পোশাকে আমির খানের হাজির হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছিল বলিউডে। ইউটিউবে প্রকাশিত ওই পোস্টারে দেখা যায়, আমির রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন। হাতে ধরে রেখেছেন পুরোনো দিনের ট্রানজিস্টর বা রেডিও সেট। আমিরের বিবস্ত্র শরীরের কিছু অংশ ঢাকা পড়েছে ওই ট্রানজিস্টরে। এ ধরনের পোস্টার প্রকাশ করায় আমিরসহ পিকে ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁদের বিরুদ্ধে মামলাও হয়।
সম্প্রতি এক টুইটার বার্তায় আনুশকা লেখেন, ‘পিকে কে চুপ চুপ করে অনেক দেখেছেন। এবার আমি আসছি...ট্রানজিস্টর পরে।’ আনুশকার এই ঘোষণার পর অনেকেই ধারণা করেছিলেন, আমিরের মতো আনুশকাও বিতর্কের ঝড় তুলতে যাচ্ছেন বলিউডে। অবশ্য পোস্টার প্রকাশিত হওয়ার পর সবার ধারণা ভুল প্রমাণিত হয়। প্রকাশিত পোস্টারে দেখা গেছে, ছোট চুলে মিলিটারি পোশাক পরে কাঁধের সঙ্গে বেল্ট দিয়ে ট্রানজিস্টর ঝুলিয়ে রেখেছেন আনুশকা। একটি নয়, পাঁচ-পাঁচটি ভিন্ন রূপে পোস্টারে হাজির হয়েছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।
মোশন পোস্টারের শুরুতেই আনুশকা পেছন ফিরে দর্শকদের উদ্দেশে বলেন, ‘বিভ্রান্ত হয়ে গেছেন? আমি পিকে নই। আমার নাম জগৎ জননী...হ্যাঁ, জগৎ জননী।’
পিকে ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। পিকে মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর।