ট্রেলার দেখে সালমান অবাক!

‘টিউবলাইট’ ছবির শুটিংয়ের জন্য সালমানকে যেতে হয়েছিল ভারতের মানালিতে। তখনই মুক্তি পায় আমির খানের ‘দঙ্গল’-এর ট্রেলার। ট্রেলার দেখে সাল্লু তো ‘থ’। এ যেন ‘সুলতান’ ছবিরই আরেক সংস্করণ। এত মিল? সেই একই রকম বাইক, হাতকাটা সোয়েটার, নায়কের কণ্ঠে হরিয়ানি উচ্চারণ। সব হুবহু এক।
শুধু সালমানই নন, ‘দঙ্গল’-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকদের মধ্যেও অনেকে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। কথা হচ্ছে, ‘দঙ্গল’ ও ‘সুলতান’ দুটি ছবিই কুস্তিগিরের জীবন নিয়ে তৈরি। আর দুই ছবির গল্পই ভারতের পাঞ্জাবভিত্তিক। তাই কিছু মিল এতে থাকতেই পারে। তাই বলে এত?
‘সুলতান’ ছবির ট্রেলার প্রকাশের পরে নাকি ঘাবড়ে গিয়েছিলেন আমির। মাস খানেক আগে কয়েকটি গণমাধ্যমে সে খবর প্রকাশিত হয়। সে সময় তাঁর ভয়ের কারণ অবশ্য স্পষ্ট হয়নি। অনেকে ভেবেছিলেন, হয়তো ‘দঙ্গল’-এর থেকে ‘সুলতান’ বেশি সফল হতে পারে, এ আশঙ্কা করছিলেন আমির। কিন্তু এখন বোঝা গেল তাঁর ঘাবড়ানোর প্রকৃত কারণ। একটি সূত্র জানায়, আমির পরে এই ছবির অনেক জায়গায় পরিবর্তন আনেন।
সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবে আমিরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ছবিটি পুরো দেখার পর দর্শক সব বুঝতে পারবেন।’ ‘দঙ্গল’ মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। বলিউড লাইফ অবলম্বনে।