ট্রেলারে দৈত্য ও রূপসীর গল্প

বহুপ্রতীক্ষিত ছবিটি এখনই মুক্তি পাচ্ছে না। তবে এর ‘পূর্ণদৈর্ঘ্য’ ট্রেলার মুক্তি পেয়েছে। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির অফিসিয়াল ট্রেলার গতকাল মুক্তি পাওয়ার পর এরই মধ্যে সেটি ৬৫ লাখের বেশিবার দেখা হয়েছে। আর ইউটিউবে এখন এক নম্বর ট্রেন্ডিং এই ট্রেলারের ভিডিও।
রীতিমতো ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পড়া ট্রেলারে দেখা যায়, মূল কাহিনির চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মনে হয় যেন অ্যানিমেশন ছবির সেই বেলা আর দৈত্য বাস্তবে রূপ নিয়েছে। এমনকি কথা বলা ঘড়ি, কাপ-পিরিচ কিংবা মোমদানিরাও উপস্থিত। রূপকথার এই গল্পের সূক্ষ্ম দৃশ্যায়ন করেছেন নির্মাতা।
বেলার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনয়শিল্পী এমা ওয়াটসন এবং দৈত্যের চরিত্রে দেখা যাবে আরেক ব্রিটিশ অভিনয়শিল্পী ড্যান স্টিভেনসকে।
যাঁরা নব্বইয়ের দশকে ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ দেখতে দেখতে বড় হয়েছেন, তাঁরা হয়তো একটু বেশিই উত্তেজনায় ভুগছেন—কবে মুক্তি পাবে নতুন ছবিটি।
২০১৭ সালের ১৭ মার্চ মুক্তি পাবে দৈত্য ও রূপসীর সেই পুরোনো গল্প কিন্তু নতুন জাদুর ছোঁয়ায়। তত দিন পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস