ঠিক সময়ে বাচ্চা চান ক্যাট!

রণবীর কাপুরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন বলে ক্যাটরিনাকে নিয়ে জোর গুজব। কিন্তু বিষয়টি স্বীকার-অস্বীকার কিছুই যে করছেন না তিনি! এদিকে বিনোদন প্রতিবেদকেরা নাছোড়! বিয়ে-সন্তান নিয়েও তাঁকে প্রশ্ন করতে ছাড়ছেন না! কিন্তু ক্যাটরিনা বেশ সতর্ক। তিনি এখন কেবল নতুন বছর-সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তরই দিচ্ছেন। এনডিটিভির এক প্রতিবেদক প্রশ্ন করেছিলেন, আংটি বদলের এই খবরের মাঝেও কেমন যাচ্ছে নতুন বছর?
ক্যাটরিনা বেশ সতর্ক হয়েই জানিয়েছেন, ‘চমত্কার ছুটি কেটেছে, নতুন বছরও চমত্কারভাবে শুরু হয়েছে আর এ বছরটি অবশ্যই বিশেষ কিছু। এটুকু শুধু বলব।’
১০ জানুয়ারি ক্যাটরিনার অনামিকায় বড় একটি হীরার আংটি দেখার পর থেকেই রণবীরের সঙ্গে বাগদানের খবর হু হু করে ছড়াতে শুরু করে। এ ছাড়া তাঁরা তো এখন একই অ্যাপার্টমেন্টেই থাকছেন!
সম্প্রতি মা হয়েছেন ক্যাটরিনার বোন। নিজেও মা হতে চান কি না-এমনই প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বললেন, ‘ঠিক তা নয়। বোনের ফুটফুটে বাচ্চা দেখে আমি খুব খুশি। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, ঠিক সময়ে আমারও হবে।’
বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ক্যাটরিনা বেশ ঝরঝরে হয়েই ফিরেছেন। ওজনও কিছুটা কমেছে তাঁর। সব মিলিয়ে মনে হচ্ছে-বেশ ভালোই আছেন তিনি!