ডিম খেয়ে ধরা!

ডিম খাওয়ার জন্য বড় মূল্য দিতে হলো শেখর রবজিয়ানীকে। এত দিন শেখর তাঁর সুপারহিট মিউজিক দিয়ে খবরে উঠে এসেছেন। এবার তিনি আলোচিত হচ্ছেন ডিমের জন্য।
বিশাল-শেখর এই মুহূর্তে ভারতের সংগীতে অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জুটি। এই জুটির শেখর পড়েছেন মহা বিপাকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের আহমেদাবাদ শহরের পাঁচ তারকা হোটেল হায়াত রিজেন্সিতে তিনটা সেদ্ধ ডিম অর্ডার দেন। এরপর তাঁর হাতে যে বিল ধরিয়ে দেওয়া হয়, তা দেখে যে কেউ অবাক হতে বাধ্য। তিনটা ডিমের সাদা অংশের জন্য বিল ধরা হয়েছে ১ হাজার ৬৭২ রুপি। এই দাম পরিশোধ করতে হয়েছে শেখরকে।

টুইটারে এই বিলটি পোস্ট করে শেখর লিখেছেন, ‘তিনটা ডিমের সাদা অংশের জন্য ১ হাজার ৬৭২ রুপি! এটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি দাম।’
তাঁর এই বিল সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। তাঁর এই টুইটকে ঘিরে ইউজাররা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেলে ডিম খাওয়ার কী প্রয়োজন ছিল? ঠেলাওয়ালার কাছে গেলে তিনটা ডিম ১৫ রুপিতে পাওয়া যেত। আর তার সঙ্গে পাওয়া যেত পেঁয়াজ, বিট নুন আর পুদিনা পাতার চাটনি।’ আর একজনের মন্তব্য, ‘এটা কোন গ্যাস এবং পানিতে সেদ্ধ করা হয়েছে? দারুণভাবে ধোঁকা দেওয়া হয়েছে।’
এর আগে বলিউডের অভিনেতা রাহুল বোস একই ঘটনার শিকার হন। চণ্ডীগড়ের একটি পাঁচ তারকা হোটেলে কলা খাওয়ার জন্য তাঁকে বড় মূল্য চুকাতে হয়। সেই হোটেলে দুটি কলার জন্য রাহুলকে দিতে হয় ৪৪২ রুপি।