ডুডের সঙ্গে ভালোবাসা দিবসে...

পরনে ঢিলেঢালা কালো জামা। কবজিতে ওটা ব্যান্ড নাকি ঘড়ি, ঠিক বোঝা গেল না। তবে রংটা স্পষ্ট কালো। পায়ের স্যান্ডেলেও কালো ফিতা। গতকাল ভালোবাসা দিবসে আনুশকা শর্মার ‘থিম’ যেন ছিল কালো রং। শোক, নাকি প্রতিবাদ?
ভালোবাসা দিবসটি এভাবে কাটবে, কদিন আগেও কল্পনা করেননি। নিশ্চয়ই নানা পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভালোবাসা দিবসটি বড় মন্দ গেল আনুশকার। কয়েক দিন আগেই যে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে। এই সম্পর্কচ্ছেদের পেছনে আসলেই কে আছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। কেউ দোষ দেখেন কোহলির, কেউ ‘ক্যারিয়ারমুখী’ আনুশকারই।

সে যা-ই হোক না কেন, আনুশকা কিন্তু দিনটি একা কাটাননি। তাঁর সঙ্গে ছিল ডুড (পোষা কুকুর)! ডুড তাঁর প্রিয় বন্ধু। ডুডের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘শুটিং শুরুর আগে দারুণ কিছু সময় কাটালাম ওর সঙ্গে। জীবনের আসল মানেই হলো ছোটখাটো জিনিসগুলো উপভোগ করতে পারা...।’ টিওআই।