ডেইজির সৌভাগ্যের দূত সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমান খানের হাত ধরেই নাম লিখিয়েছেন বলিউডে। তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটিও সাল্লুর সঙ্গেই করা। এমনকি এখনো সালমানের সঙ্গেই এই অভিনেতার ‘দ্য ব্যাং’ ট্যুরের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন অভিনেত্রী ডেইজি শাহ। তাই নিজের অভিনয়জীবনের এই পথচলায় এক সাল্লুকেই এই অভিনেত্রী তাঁর পথের দিশারি ভাবেন। প্রথম আলোর সঙ্গে সাম্প্রতিক আলাপে বলিউড অভিনেত্রী ডেইজি এমনটাই জানালেন।

রেমো ডি’সুজা পরিচালিত রেস থ্রি ছবিতে সরাসরি সালমানের বিপরীতে নয়, তবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই দেখা গেছে ডেইজি শাহকে। জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুরের পাশাপাশি ডেইজিও এই ছবিতে অনেকের নজরে পড়েছেন। এই ছবির কারণেই যুক্তরাষ্ট্রে সালমানের ‘দ্য ব্যাং’ ট্যুরে যাওয়ার আগে প্রথম আলো পত্রিকাকে সময় দিয়েছিলেন ডেইজি। ভারতের মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে বসে নিজের অভিনয়জীবনের অনেক কথাই জানালেন এই অভিনেত্রী।

ডেইজি শাহ
ডেইজি শাহ

সালমানের সঙ্গে ডেইজিকে প্রথম দেখা যায় জয় হো ছবিতে। চার বছর পর সালমানের সঙ্গে তাঁর আবার কাজ করার সুযোগ হয় এই রেস থ্রির মধ্য দিয়ে। এ সুযোগ পাওয়া প্রসঙ্গে ডেইজি বলেন, ‘আমি আর সালমান পরস্পরকে অনেক ভালো বুঝি। আমরা পরস্পরের চালচলন, ব্যক্তিত্ব, অভ্যাস সম্পর্কে ওয়াকিবহাল। রেস থ্রিতে অনেক অ্যাকশন আছে, সালমান স্যার আমাকে এ ক্ষেত্রে অনেক গাইড করেছেন। প্রচুর টিপস দিয়েছেন।’ তাঁর জীবনে সালমানের ভূমিকা অনেক। সালমান প্রসঙ্গে এই বলিউড সুন্দরী বলেন, ‘জানেন, আমার বাবা এক সাধারণ ড্রাইভার। আজ আমাকে বলিউডের সবাই চেনেন। এর পেছনে আমার পরিশ্রম, জেদের সঙ্গে ছিল আমার ভাগ্য আর আমার জীবনের সৌভাগ্যের দূত সালমান খান। তিনি আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছেন। আমি চাই, যারা এই ইন্ডাস্ট্রিতে কিছু করতে চায়, তারা যেন সালমান খানের সঙ্গে দেখা করে।’

সালমান খান ও রমেশ তৌরানি প্রযোজিত ‘রেস থ্রি’ ছবিটি গত ১৫ জুন মুক্তি পায়। এরই মধ্যে এই ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।