ডেপ-ডিক্যাপ্রিও-পিটের চেয়েও এগিয়ে সালমান-অমিতাভ-অক্ষয়

বিশ্বের ধনী তারকাদের তালিকায় হলিউডের জনি ডেপ, লিওনার্দো ডিক্যাপ্রিও আর ব্র্যাড পিটের চেয়েও বলিউডের সালমান খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার এগিয়ে আছেন। ফোর্বস ম্যাগাজিনে সদ্য প্রকাশিত এ বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের নামের তালিকা অন্তত এ প্রমাণই দিচ্ছে।
অমিতাভ বচ্চন ও সালমান খানের আয়ের পরিমাণ এক হওয়ায় তাঁরা দুজনই তালিকার সাত নম্বরে জায়গা করে নিয়েছেন। তাঁরা দুজনই আয় করেছেন ৩৩.৫ মিলিয়ন ডলার। আর ৩২.৫ মিলিয়ন ডলার আয় করে অষ্টম স্থান দখল করেছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
তালিকায় সালমান, অমিতাভ ও অক্ষয়ের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ২৬ মিলিয়ন ডলার আয় করায় ১৯তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। তারপরও হলিউডের বেন অ্যাফ্লেক, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ ও ব্র্যাড পিটের মতো অভিনেতাদের চেয়ে এগিয়ে আছেন কিং খান। এ ছাড়া ১৫ মিলিয়ন ডলার আয় করে ৩২তম স্থান পেয়েছেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর।
৮০ মিলিয়ন ডলার আয় করে এ বছরও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র। এই নিয়ে টানা তিন বছর তিনি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় শীর্ষস্থান দখল করলেন। রবার্ট ডাউনির পরই আছে অ্যাকশন তারকা-নির্মাতা জ্যাকি চ্যানের নাম। তাঁর আয়ের পরিমাণ ৫০ মিলিয়ন ডলার। আর ৪৭ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থান দখল করেছেন ‘ফিউরিয়াস ৭’ তারকা ভিন ডিজেল।