ডেপ-হার্ডের কঠিন লড়াই

তাঁদের একসময়ের মধুর সম্পর্কটাই এখন রূপ নিচ্ছে ‘বিষে’। জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদের লড়াইটা শেষ পর্যন্ত কুৎসিত দিকে মোড় নিচ্ছে। একদিকে হার্ড ডেপের বিরুদ্ধে একেবারে গৃহ নির্যাতনের অভিযোগ এনেছেন; অন্যদিকে ডেপের পক্ষ থেকে বলা হচ্ছে, হার্ড মিথ্যা বলছেন।
হার্ডের অভিযোগে বলা হয়েছে, ডেপ কখনো কখনো এতটা রুক্ষ মেজাজের হয়ে যেতেন, যেটা তাঁর জন্য শারীরিকভাবে হুমকি, এমনকি জীবনের জন্যও হুমকি হয়ে উঠত। তবে হার্ডের জন্য যে ভেনেসা প্যারািডসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন ডেপ, সেই ভেনেসাই এক চিঠিতে ডেপের সঙ্গে দীর্ঘদিন এক ছাদের নিচে থাকার অভিজ্ঞতা থেকে লিখেছেন, ডেপ গায়ে হাত তোলার মানুষ নন। তাঁর দুই সন্তানের বাবা ডেপকে তিনি অনুভূতিপ্রবণ একজন মানুষ হিসেবে উল্লেখ করেছেন, যিনি ভালোবাসতে জানেন, ভালোবাসা পাওয়ার যোগ্যও।
এদিকে ডেপের প্রতিবেশীরা আবার বলছেন, হার্ডের অভিযোগ একেবারেই মিথ্যা নয়। ডেপ লোকটা রগচটা বৈকি।
সব মিলিয়ে দুই পক্ষের সমঝোতায় এই মামলা শেষ হচ্ছে না, এটা নিশ্চিত। জল এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার অপেক্ষা। ফুঁসে ওঠা সেই জলে সাঁতরাতে পারবেন তো পর্দার এই ‘ক্যারিবীয় জলদস্যু’? পিপল।