ড্রাকুলার প্রাসাদে ইমরান হাশমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান হাশমি
ইমরান হাশমি

বলিউডের ‘রাজ’ ছবির প্রায় সব সিক্যুয়ালেই ছিলেন ইমরান হাশমি। শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘রাজ ৪’ ছবির কাজ। এ ছবিতেও যথারীতি আছেন ইমরান হাশমি। ‘রাজ ৪’ ছবির শুটিং হবে রোমানিয়ার ট্রানসিলভানিয়ায়। ছবির শুটিং নিয়ে টুইটারে ইমরান হাশমি লিখেছেন, ‘আজহার’ ছবির কাজ প্রায় শেষ, ‘রাজ ৪ রিবুট’ ছবির কাজ শুরু হবে ট্রানসিলভানিয়ায় হিমে... ড্রাকুলার প্রাসাদের দিকে যাচ্ছি...।’

বাস্তবতা হচ্ছে—‘আজহার’ ছবির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ইমরান কাজের তালিকায় এখন দরজায় কড়া নাড়ছে ‘রাজ ৪ রিবুট’ ছবি। এ ছবির শুটিংয়ের জন্য যেতে হবে রোমানিয়ার ট্রান্সসিলভেনিয়ায়। এরই মধ্যে ‘রাজ’ ছবির চতুর্থ পর্বটির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি।

‘রাজ’ এর দ্বিতীয় এবং তৃতীয় পর্বেও ইমরান অভিনয় করেছেন। খুব উৎসাহ নিয়েই পরবর্তী পর্বের কাজ আরম্ভের অপেক্ষা করছেন। এ প্রসঙ্গে খুদে ব্লগসাইট টুইটারে ইমরান লিখেছেন, ‘রাজ ফোর রিবুট’ এর জন্য অত্যন্ত উৎসাহ নিয়ে অপেক্ষা করছি। শুটিং হতে যাচ্ছে রোমানিয়ার নখ জমে যাওয়া হিমে, মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায়, রোমানিয়ার ট্রানসিলভানিয়ায়।

‘রাজ ৪’ ছবিটি পরিচালনা করবেন বিক্রম ভাট। সামনের বছরে এ ছবিটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ‘আজহার’ ছবিতে ইমরান হাশমিকে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছবিতে ১৯৯০ সালের দিকে ভারত ক্রিকেট দলের একজন অধিনায়ক হিসেবে আজহারউদ্দীনের জীবনের উত্থানপতনের চিত্র দেখা যাবে। ২০০০ সালে তিনি ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে নিন্দিত ও কলঙ্কিত হন। এ কারণে তাঁকে দল থেকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।


ছবিটি পরিচালনা করছেন টনি ডি’সুজা। বালাজি মোশন পিকচার এবং এমএসএম মোশন পিকচারের যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আসছে বছরের ১৩ মে। এনডিটিভি।