ঢাকঢোল পিটিয়েই বিয়ে করবেন বিপাশা!

‘বিয়ে আমার জীবনের অনেক বড় একটি পদক্ষেপ। চুপিসারে বিয়ে করার মতো মেয়ে আমি নই। আমি আনন্দ করতে ভালোবাসি। এমনকি আমার জন্মদিনও এক মাস ধরে উদযাপন করি আমি। আমার বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত হলে সবাই তা জানতে পারবেন।’ সম্প্রতি এভাবেই নিজের বিয়ে নিয়ে কথা বললেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু।
গত বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে, প্রেমিক ‘লাভ স্টোরি ২০৫০’ তারকা হারমান বাওয়েজাকে শিগগির বিয়ে করতে যাচ্ছেন বিপাশা। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে বিপাশা বলেন, ‘আমার বিয়ে নিয়ে অনেক দিন থেকেই নানা গুজব-গুঞ্জন ডালপালা মেলেছে। এভাবে খবর রটানোর কোনো মানে হয় না। বিয়ের জন্য নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণ করতে হয়। বিশেষ দিনটির আনন্দ এভাবে আমার কাছ থেকে আপনারা ছিনিয়ে নিতে পারেন না।’
বিপাশা আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত আছি। এই সময়ে ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি। বিয়ের মতো এত বড় ঘটনা কোনোভাবেই ভক্তদের কাছে লুকাতে পারি না আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
হারমান ও বিপাশা শিগগির বিয়ে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘এখনই না। কিন্তু সবাই মনে হয় এমনটাই চাচ্ছে। আমি জানি, আমার বিয়েটা হয়ে গেলে মা অনেক খুশি হবেন। পুরোপুরি বাঙালি সাজে বিয়ের পিঁড়িতে বসব আমি। ঐতিহ্যবাহী বাঙালি রীতি অনুযায়ী আমি বিয়ে করতে চাই। অন্য কোনো রীতিতে আমার বিয়ের কথা ভাবতেই পারেন না মা।’
বিপাশা অভিনীত পরবর্তী ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১২ সেপ্টেম্বর। ‘হন্টেড থ্রিডি’খ্যাত নির্মাতা বিক্রম ভাট পরিচালিত সায়েন্স ফিকশন ঘরানার মনস্টার থ্রিলার ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী বিপাশা।
ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে বিপাশা বলেন, ‘ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু আমি উপলব্ধি করেছি, ছবি পরিচালনার কাজটি অনেক বড় কলেবরের। ছবির সেটে ছবির দলের সবাইকে একত্রিত রাখাটা মোটেও সহজ কাজ নয়। নিশ্চিতভাবেই বলতে পারি, এত বড় কাজ আমি করতে পারব না। আমার ধারণা, নির্মাতা হওয়ার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই আমি ঢের ভালো আছি।’