ঢাকায় বলিউডের সোহেল খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল খানের সঙ্গে আয়োজক কামাল জামান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল খানের সঙ্গে আয়োজক কামাল জামান

ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা সোহেল খান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে তিনি ঢাকায় আসেন। তবে সোহেল খানের ঢাকায় উপস্থিতি কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, তিন দেশের তারকাদের নিয়ে সেলিব্রেটি ক্রিকেট ম্যাচ উপলক্ষে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। 

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্রিকেট ম্যাচটির আয়োজক ভাসাবী সেলিব্রেটি ক্রিকেট ক্লাব লিমিটেড। এই ক্লাবের চেয়ারম্যান কামাল জামান সোহেল খানের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বছর দুয়েক আগে সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে খেলার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। আর এ কারণে তারকাদের শিডিউল মেলাতেও বেশ হিমশিম খেতে হয়। অবশেষে সামনের বছরের ফেব্রুয়ারিতে সময় চূড়ান্ত করা হয়েছে। সেভাবেই সব প্রস্তুতিও নেয়া হচ্ছে। সোহেল খানের ঢাকায় আগমনটাও সে কারণেই।’

২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চার দিনের সেলিব্রেটি ক্রিকেট লিগ শুরু হবে। এতে তিন দেশের শোবিজের তারকা শিল্পীরা ছাড়াও ক্রিকেট তারকারা উপস্থিত থাকবেন।