ঢাকার মঞ্চে সুস্মিতা

ঢাকায় আসছেন বলিউডের মডেল ও অভিনেত্রী সুস্মিতা সেন। আজ রোববার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে তাঁকে দেখা যাবে। ইউনিলিভারের আয়োজনে তাঁর এ আগমন। জানা গেছে, ইউনিলিভারের ‘ট্রেসেমে’ নামের একটি শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে আয়োজন করা হয়েছে একটি ফ্যাশন শোর। আর ট্রেসেমে ফ্যাশন শো আলোকিত করতেই বাংলাদেশে আসছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
১৯৯৬ সালে নির্মিত দস্তক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডের সিনেমায় পা রাখেন সুস্মিতা সেন। তবে এর বছর দুয়েক আগে তাঁর নামের সঙ্গে বিশ্বসুন্দরী তকমা লেগে যায়। দস্তক-এর পর তিনি ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার জিতে নেন এই অভিনেত্রী।
আজ তাঁকে ঘিরে আয়োজিত বর্ণাঢ্য ফ্যাশন শোতে এ দেশের বেশ কজন তারকাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এলিটা ও জোহাদ। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে।