ঢাকায় আসছেন ফারহান

বলিউডের ‘সর্বগুণসম্পন্ন’ তারকা ফারহান আখতার আসছেন ঢাকায়। আগামী ৩১ মার্চ ফারহান তাঁর বাংলাদেশি ভক্তদের গান আর কবিতায় মুগ্ধ করে রাখার জন্য প্রস্তুত হচ্ছেন। ফারহান আখতারের ঢাকায় আসার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম।
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে ‘ফারহান লাইভ’। ফরহাদুল ইসলাম বলেন, ‘এটা পুরোপুরি বাণিজ্যিক অনুষ্ঠান। দুই ঘণ্টার এই আয়োজনের পুরোটাতেই থাকবেন ফারহান আখতার একা। তাঁর স্টেজ শোগুলো যেমনটা হয়ে থাকে, ঢাকায়ও এর ব্যতিক্রম হবে না। অনুষ্ঠানের দিন সকালে ২০ সদস্যের একটি দল নিয়ে ঢাকায় আসবেন তিনি। শো শেষে পরদিন দুপুরে তাঁর চলে যাওয়ার কথা রয়েছে।’
১৯৯১ সালে যশ চোপড়ার লামহে ছবিতে শিক্ষানবিশ চিত্রগ্রাহক ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন ফারহান। ১০ বছরের মাথায় পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবি দিল চাহতা হ্যায় দিয়েই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তা ছাড়া ভাগ মিলখা ভাগ ছবিতে অভিনয় করে তিনি অভিনেতা হিসেবেও জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া কবি, লেখক, চিত্রনাট্যকার হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে।