বিমান থেকে নেমে যা বললেন ইরফান
>

যৌথ প্রযোজনার ‘ডুব’ ছবিটির শুটিংয়ে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেতা ইরফান খান। জনপ্রিয় এই ভারতীয় অভিনেতার ঢাকায় আসার ব্যাপারটি গতকালই নিশ্চিত করেছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আজ বুধবার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রথম আলোর সঙ্গে আলাপে ইরফান জানিয়েছেন ‘ডুব’ ছবিতে যুক্ত হওয়ার নেপথ্যের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।
ছবির কাজ শুরু করতে এখনো অনেক সময় বাকী। একটু আগেই চলে এসেছেন মনে হয়?
ইরফান: ছবির কাজেই এসেছি। সংস্কৃতি জানাটাকেই প্রাধান্য দিতে চাই। এটা ছবির পূর্বপ্রস্তুতি।
এ প্রকল্পে সম্পৃক্ত হলেন কেন?
ইরফান: না করে উপায় ছিল না। পরিচালকের ছবিগুলো দেখে ভালোই লেগেছে।
বাংলাদেশের ছবিতে আপনার অভিনয় করাটাই প্রায় অপ্রত্যাশিত ছিল। সেখানে সহ-প্রযোজক হিসেবেও আপনাকে পাওয়া যাচ্ছে-কেন আগ্রহী হলেন বলবেন?
ইরফান: এটা একেবারেই ভালো লাগার ব্যাপার। ইচ্ছে হলো, যুক্ত হলাম।

বাংলাদেশের ছবি দেখেছেন?
ইরফান: ফারুকীর ছবিগুলোর মাধ্যমেই বাংলাদেশের ছবি সম্পর্কে ধারণা পাই।
মোস্তফা সরয়ার ফারুকীর কোন ছবিটা দেখেছেন?
ইরফান: ‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ দেখেছি। তাঁর কাজ ভালো লেগেছে।
স্পিলবার্গের মতো পরিচালকের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ছবিতে কেন?
ইরফান: স্পিলবার্গের ছবি ফিরিয়ে দেইনি। আসলে সময় ও সুযোগ মেলেনি। এটা আমার দুর্ভাগ্য। অন্যদিকে ফারুকী এ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমাকে রাজী করিয়েছেন। তাই কাজ করছি। এমনকি প্রযোজনাও।

এ ছবিতে যিনি আপনার নায়িকা হচ্ছেন, তাঁর কাজ দেখেছেন? আপনাদের জুটি কেমন হবে বলে মনে হয়?
ইরফান: দেখেছি। অভিনয় তো এখনো করিনি। সেটা অভিনয় করার পর বুঝতে পারব।