তখন আর এখন
‘সময় কীভাবে চলে যায়। আজ যখন পেছন ফিরে তাকাই, আমি শক্তি দেখি, আমি দুর্বলতা দেখি...।’ নিজের দুটি ছবি পাশাপাশি কোলাজ করে টুইটারে এই কথাগুলো বলেছেন বলিউড তারকা সোনালি বেন্দ্রে। ছবি দুটির একটিতে হাসপাতালের সফেদ বিছানায় সোনালি। কেমোর প্রভাবে মাথা চুলহীন। পাশের ছবিটি ফিরে আসার, শক্তির। প্রেরণার। যুদ্ধ জয়ের। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে বিজয়ী এক সংগ্রামীর ছবি।
২০১৮ সালের জুনে তাঁর ক্যানসার ধরা পড়ে। জুলাই মাসে শুরু হয় চিকিৎসা। বলে না দিলেও ধারণা করা হচ্ছে, ন্যাশনাল ক্যানসার সারভাইভার্স ডে উপলক্ষে বা তাঁর ক্যানসার ডায়াগনসিসের তিন বছর পূর্তিতে এমন ছবি দিয়েছেন তিনি।
২০১৭ সাল পর্যন্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে সিনেমা, টিভি অনুষ্ঠান আর নিজের প্রতিষ্ঠিত বুক ক্লাব নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন। তিনি কাজ করেছেন ‘সারফারোশ’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘জখম’, ‘কাল হো না হো’–এর মতো জনপ্রিয় ছবিতে। কিন্তু হঠাৎ ক্যানসার তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়ায়।
প্রায় বছরখানেকের চিকিৎসাপ্রক্রিয়া ও বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর সম্প্রতি তিনি ক্যানসারমুক্ত হয়েছেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।
ইন্ডিয়া টুডে কনক্লেভ-এ তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনালি। বলেছেন, ‘আমার কাছে মানুষ ক্যানসার জয়ের গল্প শুনতে চায়। কিন্তু আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাইতাম না। অস্বস্তি লাগত। আমার সেই চুল আর নেই, ভ্রু আর নেই, কেমোর প্রভাবে চোখের পাপড়িও সব পড়ে গিয়েছিল। এখন অবশ্য ভ্রু আর চোখের পাপড়ি ফিরে এসেছে। সুস্থ হয়ে অনেক অনেক মাস পর প্রথমবার চোখে মাশকারা দিয়েছি। ঠিক করেছি, আজ আমি একদম কাঁদব না। তাহলে এত শখের মাশকারা মুছে যাবে।’
সোনালি আরও বলেছিলেন, ‘চুল ছিল আমার সৌন্দর্যের অন্যতম আকর্ষণীয় দিক। আমি প্রায় সব ধরনের চুল পরিচর্যাকারী পণ্যের প্রচার করেছি একসময়। গোছা গোছা চুল, মসৃণ ত্বক, ক্ষীণ শারীরিক গড়ন আর সৌন্দর্য ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখনই ক্যানসারে আক্রান্ত হলাম, তখনই জীবনের সবকিছু উল্টেপাল্টে গেল। আমার অস্তিত্বকেই একটা শূন্যস্থানে পরিণত করল। কারণ, এটা শুধু আমার ব্যক্তিজীবন নয়, কর্মজীবনকেও বিলীন করার আতঙ্ক আমার ভেতর ঢুকিয়ে দিয়েছিল।’
তবু ভেঙে পড়েননি সোনালি। বরং তিনি বলেন, ‘ক্যানসার কিন্তু আমাকে একটা ভালো ব্যাপারও শিখিয়েছে। আমি এই যাত্রায় বুঝতে পেরেছি যে আমার ছেলে একটা সুন্দর পৃথিবীতে বেড়ে উঠছে। যখন নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসার জন্য যাই, সেখানে কেউ আমাকে চেনে না। কিন্তু এরপরও পদে পদে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা থেকেই আমি বুঝে গেছি, মানবতা সবচেয়ে সুন্দর। কেমোর আগে আমি যেখানে চুল কাটাতে গেছি, সেই হেয়ার স্টাইলিস্ট আমার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয়নি। আমাকে বলেছে, “পরের বার তুমি যখন লম্বা চুল নিয়ে আমার কাছে ছাঁটতে আসবে, তখন দিয়ো।”
আমি নিয়মিত যেই দোকান থেকে সদাইপাতি করতাম, সেখানকার ব্রিটিশ বিক্রয়কর্মী তাঁর মায়ের হাতে বানানো স্যুপ আমার জন্য নিয়ে আসতেন বক্সে করে। আমি কোন দেশের, কী করি, কোন ধর্মের—এসব কিছু না ভেবেই অচেনা মানুষগুলো আমার বেঁচে থাকাকে উদযাপন করত। আমাকে প্রেরণা দিত। আমি যদি ক্যানসার সার্জারি থেকে ফিরে না-ও আসতাম, তাহলে এই সুখ নিয়েই চলে যেতাম যে আমার সন্তান একটা সুন্দর পৃথিবীতে আছে। সেই পৃথিবীতে, যেখানে এখনো মানবতা আছে, ভালোবাসা আছে।’
সুস্থ হয়ে কাজে ফিরে সোনালি ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানান এভাবে, ‘কাজে ফিরে আসা যে কতটা আনন্দ আর তৃপ্তির, তা লিখে বোঝাতে পারব না। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, আবার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলব, এ এক পরম পাওয়া। গত কয়েক মাস আমি মনের দিক থেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তারপর আবার শুটিংয়ে ফিরে আসতে পেরেছি। সত্যি আমার লড়াই আজ সার্থক হলো।’
সূত্র: রিপোর্টটিতে ২০১৯ সালে প্রকাশিত সফলদের স্বপ্নগাথা বিভাগে আদর রহমানের ‘ভয়ের চৌকাঠ পার করে আসি প্রতিদিন’ শিরোনামের অনুবাদ থেকে কিছু অংশ ব্যবহার করা হয়েছে।