তাঁদের 'আশিকি' এখনো আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।
আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর।

সেই ‘আশিকি-২’ ছবির সেট থেকে গুজবের চরকাটা ঘুরতে শুরু করেছিল। খবর ছড়িয়েছিল, প্রেমের ছবিতে অভিনয় করতে করতে তাঁরা নাকি নিজেরাও প্রেমে পড়ে গেছেন। সেই থেকে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে বলিউডে নানা গুঞ্জন চলছেই। কিছুদিন আগে খবর বের হয়, প্রেমের সেই সম্পর্ক চুকেবুকে গেছে তাঁদের। কিন্তু এসবকে বরাবরই ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া শ্রদ্ধা বললেন ভিন্ন কথা। জানালেন, তাঁরা আগে যতটা ঘনিষ্ঠ ছিলেন, এখনো ঠিক তেমনটাই আছেন।
এটা শুনেই যেন থেমে যাওয়া গুজবের সেই চরকা আবারও ঘুরতে শুরু করেছে। সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রকাশনা উৎসবে এসে শ্রদ্ধা বলেন, ‘লম্বা সময় ধরে আমার ও আদিত্যের বন্ধুত্ব। এ বন্ধুত্ব এমনই থাকবে চিরকাল।’
বলিউড তারকারা সব সময়ই তাঁদের প্রেমের সম্পর্ককে ‘গুড ফ্রেন্ডস’ বা ভালো বন্ধুর প্রলেপ দিয়ে মুড়ে রাখেন। তাহলে এটা ভাবাই যায় শ্রদ্ধা আর আদিত্যও ভিন্ন পথে হাঁটছেন না। তবে গুজবে যারা কান দেন, তাঁদের জন্য শ্রদ্ধা বলেছেন, ‘বিয়ে এখনই করছি না। আমি এখন আমার ছবিগুলো নিয়ে অনেক সুখেই আছি। আর এটাও জানি না যে, ঠিক কত বছর পর বিয়ে করব।’ ডেইলি ভাস্কর।