তাদের পুনর্মিলন বাতিল যে কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে ‘তেভার’ ছবিতে কাজ করতে গিয়েই বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও অর্জুন কাপুর ঘনিষ্ঠ হয়েছিলেন। সে সময় গুঞ্জন শোনা যাচ্ছিল, তাঁরা দুজন প্রেম করে বেড়াচ্ছেন। অবশ্য, ছবি মুক্তি পাওয়ার কিছুদিন পরেই তাঁদের সেই সম্পর্কে ভাটা পড়ে। ‘মুবারাকা’ ছবির মাধ্যমে আবারও দুজনের এক হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সোনাক্ষী এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেই সম্ভাবনাকেও বুঝি বিদায় জানালেন।

একটি সূত্র বলে, আনিস বাজমির এই ছবির চিত্রনাট্য পড়ে এতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন ‘দাবাং কন্যা’ সোনাক্ষী। কিন্তু হঠাৎ​ করেই তিনি মত পালটে ফেলেছেন। ছবিতে তার চরিত্রের ব্যাপ্তি খুব কম আর এ জন্যই নাকি এখান থেকে পিছিয়ে এসেছেন এই অভিনেত্রী। তা ছাড়া ‘আকিরা’-এর মতো নারীপ্রধান সিনেমায় মূল চরিত্রে অভিনয় করার পর আর কেই–বা চাইবে ছোটখাটো চরিত্র নিয়ে পর্দায় হাজির হতে?
অবশ্য নিন্দুকদের কণ্ঠে ভিন্ন সুর। অনেকের ধারণা, কথিত ‘পুরোনো প্রেমিক’ অর্জুনের সঙ্গে কাজ করতে চান না বলেই এখন এই ছবিতে কাজ করার ব্যাপারে গাঁইগুঁই করছেন সোনাক্ষী।
এদিকে ‘মুবারাকা’তে অনিল কাপুরও অভিনয় করছেন। অনিল ও অর্জুনকে এখানে বাস্তব চরিত্রে অর্থাৎ চাচা-ভাতিজা হিসেবেই দেখা যাবে। মিড ডে।