তাপসীর নতুন অধ্যায়
নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তাপসী পান্নু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিলেন এই বলিউড নায়িকা। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘আউটসাইডার্স ফিল্মস।
প্রযোজনা সংস্থাটির জন্য প্রাঞ্জল খান্ডারিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন তাপসী। ২০ বছর ধরে কনটেন্ট ক্রিয়েটর আর প্রযোজক হিসেবে কাজ করছেন প্রাঞ্জল। তিনি ‘সুপার থার্টি’, ‘এইটটি থ্রি’, ‘সুরমা’, ‘পিকু’, ‘মুবারকাঁ’, ‘আজহার’–এর মতো ছবির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। প্রাঞ্জল এই মুহূর্তে তাপসী অভিনীত ‘রশ্মি রকেট’ ছবির নির্মাণকাজে ব্যস্ত।
নিজের নতুন প্রযোজনা সংস্থা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তাপসী। তিনি বলেন, ‘নতুন যাত্রা শুরু করে আর আউটসাইডার্স ফিল্মসের মাধ্যমে সিনেমার প্রতি নিজের ভালোবাসা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।
আগে থেকেই আমি ব্যবসার কাজে যুক্ত। তাই ব্যবস্থাপনার কাজ সম্পর্কে আমার সম্যক ধারণা আছে।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘সব সময়ই আমি নিজের প্রযোজনা সংস্থা শুরু করার কথা ভেবেছি। আমার ১১ বছরের ক্যারিয়ারে দর্শক আর ইন্ডাস্ট্রি আমাকে অনেক সাপোর্ট আর ভালোবাসা দিয়েছে। আমার লক্ষ্য আউটসাইডার্স ফিল্মসের মাধ্যমে সেই ঋণ শোধ করা। আর সেই সব প্রতিভাবানকে আরও শক্তিশালী করা, যাঁরা সফলতার লক্ষ্যে পৌঁছাতে চান। প্রাঞ্জল আর আমি একসঙ্গে নতুন নতুন প্রতিভার সামনে নতুন দিগন্ত উন্মুক্ত করে দিতে পারব বলে আশা করছি। ক্যামেরার সামনে এবং পেছনে সব ক্ষেত্রেই আমরা খুলে দেব সৌভাগ্যের দরজা।’
তাপসী তাঁর সংস্থার নামকরণ সম্পর্কে বলেছেন, ‘আমি আর প্রাঞ্জল খুবই সাধারণ দুনিয়া থেকে এসেছি। তাই আউটসাইডার্স নামটি আমাদের প্রভাবিত করেছে।’
প্রাঞ্জল খান্ডারিয়া বলেছেন, ‘একটা শক্তিশালী অংশীদারত্বের ক্ষেত্রে দুজন মানুষের মধ্যে সমান চিন্তা–ভাবনা আর ভিন্নমত পোষণ করা জরুরি। আর তাই আমাদের এই গাঁটছড়া বেশ মজার হবে। তাপসী আর আমার লক্ষ্য একই, কিন্তু আমাদের বিচারপদ্ধতি আর দৃষ্টিকোণ ভিন্ন।’
সব সময়ই আমি নিজের প্রযোজনা সংস্থা শুরু করার কথা ভেবেছি। আমার ১১ বছরের ক্যারিয়ারে দর্শক আর ইন্ডাস্ট্রি আমাকে অনেক সাপোর্ট আর ভালোবাসা দিয়েছে।
ওটিটিতে সম্প্রতি মুক্তি পেয়েছে তাপসীর ‘হাসিন দিলরুবা’। ভিনিল ম্যাথিউ পরিচালিত এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তাপসী ছাড়া ‘হাসিন দিলরুবা’য় ছিলেন বিক্রান্ত ম্যাসী আর হর্ষবর্ধন রানে।