তারকাদের বর্ষবরণ

পুরোনো বছরের ক্যালেন্ডার দেয়াল থেকে নেমে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে নতুন বছরের ক্যালেন্ডার। এ বছরের জন্য প্রাথমিক একটি পরিকল্পনাও করে নিয়েছেন অনেকে। তবে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ফেলে আসা বছরকে বিদায় জানাতে মানুষের কম আয়োজন থাকে না। তারকারাও তা থেকে আলাদা নন। বলিউডের তারকারা কে কীভাবে নববর্ষের প্রথম প্রহর কাটিয়েছেন, তা নিয়েই এই প্রতিবেদন।

বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন বিদায়ী বছরের শেষ দিনটি উদ্যাপন করেছেন মুম্বাইয়ে নিজের বাসায়। পরিবারের সঙ্গে গতকাল রোববার বেশ আনন্দময় সময় কাটিয়েছেন তিনি। আজ সোমবার নাতনি নব্য নাভেলি আর আরাধ্যর একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন অমিতাভ। সেই ছবির ক্যাপশন দিয়েছেন, ‘কন্যারা সেরা...আর নাতনিরা সেরাদের সেরা।’ আরেকটি ছবিতে দেখা যায়, আরাধ্য তাঁর মাথার টিয়ারা খুলে দাদা অমিতাভের মাথায় পরিয়ে দিয়েছে। আদুরে এই ছবিটি প্রকাশ করে অমিতাভ সবাইকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, আজ ২০১৮ সালের প্রথম দিনে জানানো হবে শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত আনন্দ এল রায়ের সেই বহুল প্রতীক্ষিত ছবির নাম। ছবির শিল্পী ও পরিচালকেরা নববর্ষের প্রথম প্রহরে টুইটারে এই খবর দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান। নায়িকা সুস্মিতা সেন নববর্ষ উদ্যাপন করতে কয়েক দিন আগেই দুবাই গেছেন। নতুন বছর প্রথম প্রহর তিনি দুবাইয়ে নিজের বাসাতেই ছিলেন। নিজের ঘর থেকে পৃথিবীর উচ্চতম দালান ‘বুর্জ খলিফা’র একটি ভিডিও ভক্তদের সঙ্গে ইন্টারনেটে শেয়ার করেন সাবেক এই ‘মিস ইউনিভার্স’।

তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার গতকাল রাতভর বন্ধুদের নিয়ে পার্টি করেছেন। আর পতৌদির নবাব দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান নববর্ষ উদ্যাপন করেছেন নবাবি চালে। নতুন বছরকে বরণ করতে তাঁরা সুইজারল্যান্ডে গেছেন। দুজন মিলে ডিনার ডেটে গিয়েছিলেন এক বড় হোটেলে। আর শাবানা আজমি ও জাভেদ আখতার দম্পতি ২০১৭ সালের শেষ দিন কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে।

এদিকে ‘পিংক’ তারকা তাপসী পান্নু নববর্ষ কাটিয়েছেন বান্ধবীর সঙ্গে। টুইটারে আতশবাজির একটি ছবি দিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এই নায়িকা। হিন্দুস্তান টাইমস