‘তাঁরা আমার মেকআপ ফরসা করার কথা বলতেন’
পর্দায় তাঁর অভিনয় প্রদর্শনের চেয়ে শরীর প্রদর্শনেই যেন জোর দেন নির্মাতারা। আজ পর্যন্ত তাই ‘বড়’ কোনো চরিত্রে তাঁকে দেখা যায়নি। আর এসবের জন্য তাঁর রংই দায়ী বলে মনে করেন এষা গুপ্তা।
গায়ের ‘কালো’ রঙের জন্য অনেক লাঞ্ছনা, গঞ্জনার শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন এই বলিউড নায়িকা। অনেকে তাঁকে রং ফরসা করার পরামর্শও দিয়েছেন। এমনকি এষার রং ‘কালো’ বলে তাঁর সারা শরীরে মেকআপ করা হয়েছে। প্রসাধনশিল্পীরা এভাবে তাঁর ‘কালো’ রং ঢাকার চেষ্টা করতেন বলে জানিয়েছেন এষা।
এক সাক্ষাৎকারে সম্প্রতি ছায়াছবির জগতে এই নিদারুণ যন্ত্রণার কথা প্রকাশ করেছেন এষা। এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘ক্যারিয়ারের গোড়ার দিকে বেশ কিছু অভিনেতা আমাকে বলেছিলেন যে আমি বেশি মাত্রায় কালো। তাঁরা আমার মেকআপ ফরসা করার কথা বলতেন। অথচ ওনাদের সঙ্গে আমি কোনো কাজ করিনি। ওনাদের কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। আর কিছু প্রসাধনশিল্পী ফরসা দেখানোর জন্য আমার সারা শরীরে মেকআপ করত। মুখের সঙ্গে শরীরের রঙের মিল থাকত না। আমাকে যেন জোকারের মতো লাগত।’
রঙের জন্য এষা ভালো কোনো চরিত্রে কাজ করার সুযোগ পাননি। শুধু সাহসী চরিত্রের জন্য তাঁকে ভাবা হতো। এ প্রসঙ্গে ঈশা বলেছেন, ‘আমার ত্বকের রং কালো বলে আমাকে সাহসী চরিত্রের জন্য বেশি প্রস্তাব দেওয়া হতো। আমাদের দেশে কালো রং মানেই সে যৌন আবেদনময়ী বা খলনায়িকা। এখানে ফরসা মেয়েমাত্রই সে নিপাট ভালো মানুষ।’
‘জান্নাত টু’ ছবি দিয়ে বলিউডে এষার অভিষেক। পরে তাঁকে মাল্টিস্টারার ছবি ‘হামশকলস’ আর ‘টোটাল ধামাল’-এ দেখা গেছে। সৌমিক সেনের থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘নাকাব’-এ অভিনয় করছেন ঈশা।