তারার নামে নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়ার নামে নামকরণ করা হয়েছে বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের
ঐশ্বরিয়ার নামে নামকরণ করা হয়েছে বিশেষ প্রজাতির টিউলিপ ফুলের

নামে কী যায়-আসে? আসে যায় নাকি? অবশ্য নাম যখন কাউকে কারোর বিষয় স্মরণ করায়, তখন এসে-যায় বৈকি! গোটা পৃথিবীতে এমনকি চাঁদ কিংবা গ্রহাণুপুঞ্জেও এমন কিছু বস্তু, স্থাপনা, নক্ষত্র, ফুল পানীয় আছে যা তারকাদের নাম নিয়েই আজ সবার কাছে সুপরিচিত। অধিকাংশ ক্ষেত্রে এই নামকরণ ঘটেছে সেলিব্রেটি ও বিখ্যাতজনদের ভক্তদের আবেগের পাল্লায় ভারী হয়ে। এসব বিখ্যাতজন বা তারকাদের মধ্যে সংগীত তারকা থেকে শুরু করে রয়েছেন সিনেমার তারকা অভিনয়শিল্পী পর্যন্ত।
সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে প্রয়াত শিল্পী জেমস ব্রাউনের নাম। নিউইয়র্কের অ্যাপোলো থিয়েটারের পেছনে হারলেম ব্লকের একটি রাস্তার নামকরণ করা হচ্ছে সংগীতজগতের কিংবদন্তি জেমস ব্রাউনের নামে। ভারতে গুলজার, এ আর রহমান, রাজ কাপুর, নার্গিস এবং মনোজ কুমারের নামে নামকরণ করা হয়েছে সড়কের। শুধু শিল্পী নন, বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পীর নামেও বিভিন্ন স্থান, স্থাপনা বা বস্তুর নামকরণ করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, মল্লিকা শেরওয়াত, শহীদ কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রাজ কাপুরের মতো বলিউডের তারকারা।
সালমান খানের নামে তুরস্কের একটি ক্যাফের নামকরণ করা হয়েছে সালমান খান ক্যাফে। ২০১২ সালে তুরস্কের ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের সময় ওই ক্যাফেতে নিয়মিত যেতেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। ক্যাফে ডেল-মার নামের ওই ক্যাফেটিতে বেশ কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন সালমান। ক্যাফের মালিক পরে ক্যাফের নাম বদলে সালমানের নামেই নামকরণ করেন।
বিশ্বজুড়ে শাহরুখ খানের জনপ্রিয়তাও কম নয়। অনেকেই তাঁকে কাছে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়াই মনে করেন। নামকরণের ক্ষেত্রে শাহরুখ ভক্তরা এক কাঠি সরেস। পৃথিবী ছেড়ে রীতিমতো চাঁদে চলে গেছেন তাঁরা। শাহরুখ ভক্তরা চাঁদের একটি স্থানের নাম রেখেছেন তাঁদের প্রিয় এই অভিনেতার নামে। ২০০৯ সালে শাহরুখের ৪৪তম জন্মদিনের সময় নিউইয়র্কভিত্তিক সংগঠন লুনার জিওগ্রাফিক সোসাইটি চাঁদের একটি গুহার নামকরণ করেছেন এস আর খান গুহা। অবশ্য পরে এই দাবিটি ঠিক নয় বলেও খবর রটেছিল।
বলিউডের লাস্যময়ী তারকা মাধুরীর ভক্তরাও কম যান না। ২০১২ সালে মাধুরীর একদল ভক্ত অরিয়ন গ্রহাণুপুঞ্জের একটি তারার নাম দেন মাধুরী। ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে মাধুরী বলেছিলেন, ‘আমাকে এই সম্মান দেওয়ার জন্য ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’ গ্রহাণুপুঞ্জে তারকার নামকরণের ক্ষেত্রে শহীদ কাপুরের নামটিও চলে আসে। শহীদের ভক্তরাও তাঁদের প্রিয় তারকাকে অরিয়ন গ্রহাণুপুঞ্জের একটি তারকার জায়গায় স্থান দিয়েছেন। কারণ ওই তারাটিকে শহীদ বলেই ডাকেন তাঁরা।
তারকাদের নামে বেশ মজার খাবারেও যে নাম হতে পারে তা দেখিয়েছে মুম্বাইয়ের নুর মোহাম্মাদি হোটেল। এখানে মুরগি দিয়ে বানানো একটি সুস্বাদু খাবারের নাম সঞ্জয় দত্ত। এই খাবারের রেসিপিটি সঞ্জয় দত্ত ওই হোটেলকে দিয়েছিলেন বলে হোটেল কর্তৃপক্ষ জনপ্রিয় ওই খাবারের নামকরণও করেছে তাঁরই নামে। তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীর নামেও খাবার পাওয়া যায় এখানে।
বলিউডে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন বেশ শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর ভক্তসংখ্যাও কম নয়। তাঁর নামে নামকরণ করা হয়েছে একটি ঝরনা ও একটি মন্দিরের। সিকিম জেলার নাগা ফলস নামের ওই ঝরনাটিকে এর উচ্চতার কারণেই অমিতাভ বচ্চন ঝরনা বলেন ভক্তরা। এ ছাড়া কলকাতায় অমিতাভের নামে তাঁর এক ভক্ত একটি মন্দিরও তৈরি করেছেন।
বলিউডে ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর সৌন্দর্য আর মেধার গুণে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ঐশ্বরিয়ার সৌন্দর্যের প্রশংসায় নেদারল্যান্ডসের একটি বিশেষ প্রজাতির টিউলিপ ফুলে নামকরণ করা হয়েছে।
নিয়মিত হলিউডে যাতায়াত করেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। সেখানে গেলেই ঘন ঘন যাতায়াত করেন মিলিয়নস অব মিল্কশেকস নামের মিল্কশেক বারে। সেখানকার ভক্তরা তাই কিম কারদাশিয়ান, মিলি সাইরাস, ভিক্টোরিয়া বেকহামের পাশাপাশি মল্লিকার নামেও একটি বিশেষ মিল্কশেকের নামকরণ করেছেন। (আইএএনএস)