তিন কন্যার হাড্ডাহাড্ডি লড়াই
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আর মাত্র এক দিন পরই জানা যাবে কালারস চ্যানেলের বহু চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস-১৫’-র জয়ীর নাম। কার হাতে এবার বিজয়ীর ট্রফি উঠবে, তা শুধু সময়ের অপেক্ষা। আজ রোববার ‘বিগ বস-১৫’-র ফিনালে হবে। এবারের ‘বিগ বস’-এর চূড়ান্ত পর্বে টেলিভিশন দুনিয়ার ছয় প্রতিযোগীকে দেখা যাবে।
এর মধ্যে বিনোদন জগতের তিন কন্যার নাম আছে। আর এই তিন কন্যা হলেন তেজস্বী প্রকাশ, শমিতা শেঠি ও রশমি দেশাই। অনেকের মতে, এই তিন নারী প্রতিযোগীর মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। কয়েক দিন আগে ‘বিগ বস-১৫’-র ফাইনালে বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের নাম ছিল। কিন্তু ফাইনালের আগে আগেই এই রিয়ালিটি শো থেকে বাদ পড়েছেন রাখি। একনজরে দেখে নেওয়া যাক এই তিন কন্যার কার মধ্যে কতটা দম আছে।
শমিতা শেঠি
শমিতা শেঠির ‘বিগ বস’ ভ্রমণে আছে অনেক চড়াই-উতরাই। একাধিকবার তাঁকে ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বোন শমিতাকে ‘বিগ বস-১৫’-র সবচেয়ে অভিজাত প্রতিযোগী হিসেবে দেখা হয়। আর এটি তাঁর প্রতিটি অ্যাকশনে প্রতিফলিত হয়।
শমিতার ‘বিগ বস’ ভ্রমণ বাকি দুই অভিনেত্রীর থেকে বেশি। কারণ, ‘বিগ বস’-এর ওটিটির পর তিনি টেলিভিশনের পর্দায় এসেছেন। এই বলিউড অভিনেত্রী চতুরতার মাধ্যমে এ খেলার মধ্যে অনেক বদল এনেছেন। এদিকে দিদি শিল্পা বোন শমিতাকে ভোট দেওয়ার জন্য ক্রমাগত আবেদন জানাচ্ছেন। আর তাই শমিতা ভক্ত ও তারকাদের ভালো সমর্থন পাচ্ছেন। অনেকের মতে এই বলিউড অভিনেত্রী শক্তিশালী প্রতিযোগীদের মধ্যে একজন।
রশমি দেশাই
‘বিগ বস-১৩’-তে দেখা গিয়েছিল রশমি দেশাইকে। ‘বিগ বস’-এর ওই মৌসুমেও দারুণ টক্কর দিয়েছিলেন এই টেলিভিশন তারকা। তাই আগের অভিজ্ঞতাকে পুঁজি করে এবারের ময়দানে নেমেছিলেন রশমি। তবে এবারের মৌসুমের মাঝপথে এসেছেন তিনি। আর তাই তেজস্বী ও শমিতার তুলনায় তাঁর এবারের ‘বিগ বস’-এর পথচলা কম। কিন্তু দর্শক রশমিকে সব সময় ‘এলিমিনেট’ হওয়া থেকে বাঁচিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা তাঁকে কতটা ভালোবাসেন। তিনি টেলিভিশন দুনিয়ায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন। তাই তাঁর অনুরাগীর সংখ্যাও নজর কাড়ার মতো। আর এটাই রশমির ‘বিগ বস’ জয়ের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে।
তেজস্বী প্রকাশ
‘বিগ বস-১৫’-র সবচেয়ে দুষ্টু-মিষ্টি প্রতিযোগী তেজস্বী প্রকাশ। এ রিয়ালিটির শোর এবারের মৌসুমের শুরুতে সবার মন কেড়েছেন এই টেলি তারকা। তাই অচিরেই সবার নজর কেড়েছিলেন তিনি। কিন্তু পরে টেলিভিশন অভিনেতা করণ কুন্দ্রার প্রেমে পড়ে তেজস্বীর সব ওলট-পালট হয়ে যায়। খেলার থেকে তিনি বেশি প্রেমের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে ফাইনালের কাছে এসে আবার স্বমহিমায় ফিরে এসেছেন তেজস্বী। শমিতাকে আক্রমণ করা, খেলার সময় হিংসাত্মক হয়ে ওঠা, করণের সঙ্গে প্রেমে ভাসা—সবকিছু বজায় রেখে চলছেন এই টেলি নায়িকা। কিছুদিন আগে এক পণ্ডিতজি এই অনুষ্ঠানে এসে তেজস্বীর জেতার সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তবে কার মাথায় সেরার শিরোপা উঠবে, তা সময়ই বলবে।