তিন খানকে পেছনে ফেললেন এক বচ্চন

বড় পর্দা, ছোট পর্দার পাশাপাশি ভার্চুয়াল জগতেও দারুণ সফল বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে সক্রিয় তারকাদের মধ্যে অন্যতম তিনি। এসব ওয়েবসাইটের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বর্ষীয়ান এই তারকা। সম্প্রতি তার ফলও পেয়েছেন তিনি। টুইটারে ১০ মিলিয়ন অনুসারী জুটিয়ে বলিউডের প্রভাবশালী তিন অভিনেতা শাহরুখ, সালমান ও আমির খানকে পেছনে ফেলেছেন অমিতাভ।
মাত্র কয়েক দিন আগেই ফেসবুকে ১৫ মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেন ৭১ বছর বয়সী অমিতাভ। এবার টুইটারে ১০ মিলিয়ন অনুসারী পেয়ে দারুণ খুশি তিনি। উচ্ছ্বসিত অমিতাভ তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘১০ মিলিয়ন!! টুইটারে!! ইয়াহ!! আমার অনুসারী সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লক্ষ্য ২০!!’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
এদিকে শারীরিক অসুস্থতার জন্য ছবির শুটিং বাতিল করতে হয়েছে অমিতাভকে। গত সপ্তাহ থেকে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবির শুটিং শুরু করেছিলেন অমিতাভ। কিন্তু হঠাৎ করে জ্বরে আক্রান্ত হওয়ায় গত রোববার ছবির শুটিং করতে পারেননি তিনি। ওই দিন সন্ধ্যায় এক টুইটার বার্তায় অমিতাভ লেখেন, ‘কেবল জানতে পারলাম, জ্বরে আক্রান্ত হয়েছি আমি।’ পরদিন সোমবার আরেকটি টুইটার বার্তায় অমিতাভ লেখেন, ‘এখনো জ্বরে কাহিল। শুটিং বাতিল হয়ে যাওয়ায় একদমই ভালো লাগছে না।’ দ্রুত সুস্থতা কামনা করায় ভক্তদের ধন্যবাদও জানান অমিতাভ বচ্চন। টুইটার বার্তায় তিনি লেখেন, ‘আমার দ্রুত সুস্থতার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি।’