তিন খানের ঈদের খানাপিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খেতে কে না ভালোবাসে! বলিউডের তিন খানও শরীরকে ‘ফিট’ রাখার তাড়না ভুলে মাঝেমধ্যে তাঁদের জিবকে প্রশ্রয় দেন। বিশেষ করে উৎসবের সময় শাহরুখ, সালমান, আমিরও কবজি ডুবিয়ে খান তাঁদের পছন্দের খাবার। বলিউডের এই তিন খানের পছন্দের খাবার কী, ঈদের সময় তাঁরা কী কী খেতে পছন্দ করেন, তা জানা যাক।
শাহরুখ খান
শাহরুখ খান

তিন খানের মধ্যে শাহরুখ খান খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু উদাসীন। ‘বলিউড বাদশা’-র কাছের বন্ধুদের মধ্যে অনেকেই তাঁকে কখনো খেতে দেখেননি। বন্ধুদের সঙ্গে বাইরে ডিনার করতে গেলেও বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। তাঁদের সঙ্গ দেওয়ার জন্য কাঁটা-চামচের বদলে তুলে নেন কফির কাপ। এমনকি সারা দিন শুধু ব্ল্যাক কফি এবং চিকেন তন্দুর খেয়েই থাকতে পারেন এই বলিউড তারকা। ৩৬৫ দিন চিকেন তন্দুর খেয়েও নাকি জিবে এতটুকু একঘেয়েমি আসে না তাঁর। রেস্তোরাঁর খাবার খেতে খুব একটা পছন্দ করেন না। ঘরের ডাল-ভাতই পরম তৃপ্তির সঙ্গে খেয়ে থাকেন পঞ্চাশোর্ধ্ব এই তারকা। শাহরুখের বাড়ির ফ্রিজে সব সময় মজুত থাকে তাঁর পছন্দের বিশেষ কোম্পানির ঠান্ডা পানীয় এবং মুরগির মাংস। ঈদের দিনে বলিউডের বাদশা অপেক্ষা করে থাকেন সালমান খানের বাড়ির বিশেষ বিরিয়ানির জন্য। এই একটা দিনই কবজি ডুবিয়ে খান তিনি বিরিয়ানি, কাবাবসহ নানা খাবার। তবে ঈদের দিন ‘কিং খান’ মিস করেন মায়ের হাতের হায়দরাবাদি ঘরানার খাট্টি ডাল, পাঁঠার মাংসের বিরিয়ানি, আর বাবার হাতের পাঠানি খাবার। একটু-আধটু রান্না অবশ্য শাহরুখও জানেন। সুযোগ পেলে চেষ্টা করেন ছেলে-মেয়েদের জন্য স্পেশাল পাস্তা বানাতে। মিষ্টি খেতে খুব একটা পছন্দ করেন না এই বলিউড তারকা। তবে স্ত্রী গৌরীর হাতে বিস্কুট দিয়ে তৈরি স্পেশাল আইসক্রিম খেতে খুব ভালোবাসেন।

সালমান খান
সালমান খান

একসময় পেট পুরে সব খাবারই খেতেন সালমান খান। তবে এখন ডায়েটের জন্য সেদ্ধ খাবার বেশি খেতে হয় তাঁকে। সালমান খানের খাবারে চিনি নৈব নৈব চ। তবে মায়ের হাতে মুরগির মাংসের পদ এবং মুরগির মাংসের বিরিয়ানি সামনে এলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা তাঁর পক্ষে মুশকিল হয়ে যায়। শুধু সালমান নন, তাঁর মা সালমা খানের হাতের রান্নার ভক্ত বলিউডের অগণিত মানুষ। বিশেষ করে ঈদের দিনে সবাই খান পরিবারের খানদানি বিরিয়ানি চেখে দেখার অপেক্ষায় থাকেন। এমনকি সালমান তাঁর ছবির শুটিংয়ের সময় তাঁর বাড়ি থেকে সেটে উপস্থিত সবার জন্য নিয়ম করে খাবার আনান। সাল্লু ভাইয়ের সঙ্গে কাজ করেছেন, অথচ তাঁর বাড়ির খাবার খাননি, এ রকম মানুষ নেই বললেই চলে। টেলিভিশনে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর বাড়িতে প্রতি শুক্রবার আসে তাঁর মায়ের স্পেশাল বিরিয়ানি। এমনকি একবার সালমানের খানদানি বিরিয়ানি ‘বিগ বসের’ বাড়িতে আসার আগেই মাঝপথ থেকে চুরি হয়ে যায়। আর সেই জন্য বেজায় চটে ছিলেন সাল্লু মিয়া। ঈদের দিন সালমানও নিয়ম ভেঙে সবকিছু খান। বিশেষ করে তাঁর মায়ের হাতের ‘সিমুইয়া’ খাওয়ার ক্ষেত্রে এদিন কোনো হিসেব করেন না তিনি। শাহরুখের মতো সালমানও বাড়ির রান্না খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নামীদামি রেস্তোরাঁর থেকে সাদামাটা রেস্তোরাঁর খাবার তাঁর বেশি পছন্দের। বলিউডের ‘সুলতান’ সবচেয়ে ভালোবাসেন তাঁর বাড়ির রাঁধুনির হাতের ‘মিক্সচার’ খেতে। পাঁঠার মাংস, ভাত, মিষ্টি, সালাদ এবং আমের টক আচার সবকিছু একসঙ্গে মিশিয়ে এই ‘মিক্সচার’-টি তৈরি হয়। তবে কেউ খাবার নষ্ট করলে বেজায় চটে যান বলিউডের ‘বজরঙ্গী ভাইজান’।

আমির খান
আমির খান

বলিউডের এই খান ছবিতে তাঁর চরিত্রের প্রয়োজনে নিজের প্রিয় খাবারগুলোকে দূরে রাখতেও পিছপা হন না। ‘দঙ্গল’ ছবির জন্য তিনি পুরোপুরি নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন। তবে মাছ, মাংস, ডিম, দুধ ছাড়া রসনাও সমান ভাবে উপভোগ করেছিলেন এই বলিউড তারকা। এমনিতে আমির নিজের ডায়েটের ব্যাপারে খুবই সচেতন। প্রতি দুই ঘণ্টা অন্তর কিছু না কিছু খেতে থাকেন। অরগানিক খাবার খেতে বেশি পছন্দ করেন তিনি। ঈদের দিন অবশ্য আমিরের ডাইনিং টেবিলে আমিরি আয়োজন থাকে। আর এই দিন তিনি বিরিয়ানি, কাবাব, মাংসের নানান পদ পেট ভরেই খান। নানির হাতের বিশেষ শিক কাবাব তাঁর বিশেষ পছন্দের। আমিরের সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি, আর পাঁঠার মাংসের শাহি রোগন জোস। স্থানীয় খাবারও চেখে দেখতে ভালোবাসেন তিনি। ডিমের অমলেট, ডিমের ভুজিয়াও বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ প্রিয় খাবারের তালিকায় আছে।