তিন মাত্রা পাচ্ছে শাহরুখের 'দেবদাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন
মাধুরী দীক্ষিত, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

সঞ্জয় লীলা বানসালি নির্মিত ‘দেবদাস’ মুক্তি পেয়েছিল ২০০২ সালের ১২ জুলাই। দেখতে দেখতে এই ছবি মুক্তির ১৫ বছর পার হয়ে গেছে। কিন্তু দেবদাসের রূপে শাহরুখ খান, পার্বতীর চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রমুখী মাধুরী দীক্ষিতের কথা এখনো দাগ কেটে আছে দর্শক মনে। এত বছর পর এই সিনেমা আবার মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে, এবার দেখা যাবে এই ছবির ত্রিমাত্রিক সংস্করণ। নির্মাতা বানসালি নিজে এ খবর নিশ্চিত করেছেন।

ছবি মুক্তির ১৫ বছর পূর্তির দিনেই ‘দেবদাস’-এর ত্রিমাত্রিক সংস্করণ মুক্তি পাবে। সঞ্জয় লীলা বানসালি বলেন, ‘আমাকে যখন এই ছবিটিকে ত্রিমাত্রায় রূপ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন আমি একটি বিষয়েই বেশি জোর দিয়েছিলাম। আমি চাইছিলাম প্রতিটি ফ্রেমের মাত্রা ও অনুপাত যেন ঠিক থাকে। আমি পরে খেয়াল করলাম যে আমার অধিকাংশ ছবির ফ্রেমেই গভীরতা বেশি। আর ত্রিমাত্রিক সংস্করণের জন্য “দেবদাস”-ই সেরা পছন্দ।’
নির্মাতা আশা করছেন, ত্রিমাত্রিক সংস্করণে এই ছবির প্রতিটি আবেগ ও শিল্পীদের অভিব্যক্তি আরও জীবন্ত হয়ে ফুটে উঠবে। এবার ৭০তম কান চলচ্চিত্র উৎসবের সময় কান সৈকতের ধারে এই সিনেমাটি প্রদর্শন করা হয়। প্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ঐশ্বরিয়া রাইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তাঁর কোন চলচ্চিত্রটি প্রদর্শন করতে চান। সাবেক এই বিশ্বসুন্দরী একবাক্যে বলছিলেন ‘দেবদাস’-এর কথা।
উল্লেখ্য, বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্র উৎসবে এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের ওপর নির্মিত ‘দেবদাস’ দ্বিতীয়বারের মতো প্রদর্শিত হলো। এর আগে ২০০২ সালে, যেবার ঐশ্বরিয়া প্রথম এই উৎসবে গিয়েছিলেন, সেবারও সিনেমাটি দেখানো হয়েছিল। সে সময় ঐশ্বরিয়ার সঙ্গে বানসালিও ছিলেন।
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা