তিনজন জানেন 'বাহুবলী টু'-এর রহস্য!


কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল জানেন? ‘বাহুবলী’ মুক্তির পর থেকেই দর্শকের মনে এই প্রশ্ন। গত দুই দিনে এ নিয়ে জল্পনা বেড়েছে। গুজব ছড়িয়েছে, ‘বাহুবলী টু’-এর গল্প নাকি ফাঁস হয়ে গেছে।
নাহ! এখনই সবার জন্য উন্মুক্ত হয়নি ‘বাহুবলী টু’ রহস্য। টিম ‘বাহুবলী টু’-এর ধারণা, এটা ফাঁস হয়ে গেলে দর্শকদের ছবিটা হলে গিয়ে দেখার আর ততটা উৎসাহ থাকবে না।
তবে এই তথ্যটা কিন্তু তিনজন জানেন! এখন নিশ্চয় প্রশ্ন জাগছে, কোন সে তিনজন?
জবাব মিলবে এখনই। প্রথম জন বাহুবলী নিজে। অর্থাৎ নায়ক প্রভাসের কাছে এই রহস্য পরিষ্কার। দ্বিতীয় জন পরিচালক এস এস রাজামৌলি। তাঁকে তো এ তথ্য জানতেই হবে। আর তৃতীয় জন লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। আরে, তিনিই তো সবকিছুর নেপথ্যে!
এই বিশেষ দৃশ্যের শুটিংও নাকি হয়ে গেছে। আর সেই বিশেষ মুহূর্তের শুটিংয়ে ইউনিটের খুব বিশ্বস্ত লোকদের রাখা হয়েছিল। তবু এমনভাবে শুটিং করা হয়েছে, যাতে তাঁদের কাছেও ব্যাপারটা ধোঁয়াশা থাকে। কোনোভাবে গল্প যেন ফাঁস হয়ে না যায়, তার সব রকম চেষ্টাই করা হয়েছে।
আপাতত জানা থাক, আগামী বছর ২৮ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটি। তত দিন জানার জন্য অপেক্ষা করতে হবে, কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল? ইন্ডিয়া ডটকম