তিনি আমাকে ইনস্টাগ্রামে দেখে প্রথম নক করেন

প্রায় দুই বছর আগে শোনা গিয়েছিল বলিউডে রোহিঙ্গা: পিপল ফ্রম নোহয়ার নামে একটি ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের মডেল তানজিয়া মিথিলা। হায়দার খানের এই ছবি নিয়ে মাঝখানে বেশ কিছুদিন কোনো খবর ছিল না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর মিলল, আগামী ১৫ নভেম্বর অ্যাপল টিভিতে মুক্তি পাচ্ছে রোহিঙ্গা। এই সিনেমা ও অন্যান্য বিষয়ে কথা বললেন মিথিলা।

তানজিয়া মিথিলাছবি : ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

অভিনন্দন এবং শুভকামনা।

ধন্যবাদ। আসলে প্রথম কাজ হিসেবে এটা আমার একটা স্বপ্নের প্রকল্প। কাজটা শেষ করেছিলাম বেশ কিছুদিন আগে। করোনার জন্য মুক্তি পেতে দেরি হলো।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

কবে কাজ করেছিলেন?

২০১৯ সালের ডিসেম্বরে। শুটিং হয়েছে ভারতের গুয়াহাটি থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে। আসাম ও মেঘালয়ের কাছাকাছি। সেখানে চানডুবি নামে একটা বিল আছে। জায়গাটি দারুণ। লোকালয় তেমন নেই। চারপাশে জঙ্গল। আমরা তাঁবুর ভেতর থাকতাম। সব মিলে দারুণ থ্রিলিং ছিল সময়টা।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

বলিউডের সঙ্গে যোগসূত্র কীভাবে হলো?

আমাদের পরিচালক হায়দার খান মূলত আলোকচিত্রী। দাবাং, কমান্ডোসহ বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন। সালমান খানের রাধেসহ বেশ কিছু ছবির প্রমো বানিয়েছেন হায়দার খান। তিনি আমাকে ইনস্টাগ্রামে দেখেন। সেখানেই প্রথম নক করেন। ছবিটির জন্য একজন বাংলাদেশি শিল্পী চাইছিলেন তিনি। ইনস্টাগ্রামেই মেসেজ চালাচালি হয়। এরপর চিত্রনাট্যটি পাঠিয়ে চরিত্রের কিছু অংশ অভিনয় করে ভিডিও পাঠাতে বলেন। আমি অভিনয় করে তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ পাঠাই। ভিডিওটি দেখার পর হায়দার খান নিজেই ফোন করে কাজটিতে আমাকে চূড়ান্ত করেন।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

ছবিতে আপনার চরিত্রটি কী?

পুরোপুরি তো বলা যাবে না। পরিচালকের নিষেধ আছে। আমি হুসনে আরা নামে একজন রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছি। এখানে আমাকে দুই ভাষায় কথা বলতে হয়েছে। আরাকানি ও হিন্দি।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

ভাষার সমস্যা হয়নি?

হিন্দি তো আমি পারি। আরাকানি ভাষাটাও শিখেছি। আমাদের শুটিংয়ের পরপরই ডাবিং হয়ে গেছে ওই স্পটে। জঙ্গলের আবহটা রাখতে চেয়েছিলেন পরিচালক। জঙ্গলের আলাদা একটা আওয়াজ আছে, সেটা ধরতে চেয়েছেন পরিচালক। যে কারণে একটু ন্যাচারালই মনে হবে।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

এবার একটু অন্য প্রসঙ্গে যাই। বিনোদন জগতে এলেন কী করে?

লেখাপড়া করতে এসে (হাসি)। আমরা মাগুরায় ছিলাম। আমি ঢাকায় এসেছি এইচএসসি পরীক্ষার পরে, কোচিং করতে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা নিয়ে। বেশ চলছিল লেখাপড়া, ফেসবুকিং। ফেসবুকে মডেলিং, ফ্যাশন—এসব দেখে একটু স্বাদ জাগল। এক বন্ধুর কাছে জানতে চাইলাম, কীভাবে এগোনো যায়। কার কাছে গ্রুমিং করা যায়। আসলে কোনো বিষয়ে আমার আগ্রহ হলে পুরোপুরি শিখতে চেষ্টা করি। শুধু ধারণা থেকে নয়, বরং পুরোপুরি শিখে তৈরি হতে চাই। সে সময় মডেলিং, ফ্যাশন নিয়ে পড়ি, শিখি। প্রথমবার ঢাকা ফ্যাশন উইকে অংশ নিই।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে আর কিছু শিখছেন?

তা তো অবশ্যই। বুঝতে পারছি আমার অভিনয়টা শেখা দরকার। এক্সপ্রেশন, ডায়ালগ থ্রোয়িং, বডি ল্যাংগুয়েজ—এসব না শিখলে হবে না। বাসায় অভিনয় এবং নাচের শিক্ষক আসেন। তাঁদের কাছে নিয়মিত পাঠ নিচ্ছি।

তানজিয়া মিথিলা

প্রশ্ন :

নতুন কাজের খবর বলুন।

দুটি নতুন ছবির কাজ করছি। করছি বলতে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। জানুয়ারিতে কাজ শুরু হবে। তবে আপাতত নামটা বলছি না।

তানজিয়া মিথিলা। ছবি: সংগৃহীত