তিনি ভাবিয়া করেন না টুইট!

বলিউড এখন ‘গরম’ স্বজনপ্রীতি-বিষয়ক ইস্যু নিয়ে। কোনো তারকা এ নিয়ে মন্তব্য করুন আর নাই-বা করুন, না চাইলেও এই বিতর্কে জড়িয়ে পড়ছেন। এই যেমন তাপসী পান্নু এ বিষয়ে এখনো কিছু বলেননি, অথচ গত বছর ডিসেম্বরে করা তাঁর এক টুইট নিয়ে টান দিলেন তর্কপ্রেমীরা। কেননা, সেটা যে ছিল স্বজনপ্রীতি নিয়ে।
পিংক ছবির জন্য যখন তাপসীর প্রশংসার ঝুলি ছিঁড়ে যায় যায় অবস্থা, তখন তিনি টুইটারে লিখেছিলেন, ‘স্বজনপ্রীতি। অবশেষে জানতে পারলাম এই শব্দের অর্থ। এখন এটার সঙ্গে মানিয়ে চলা শিখতে হবে।’ আর সেই সময়টাতেই কিন্তু বরুণ ধাওয়ানের বিপরীতে জড়ুয়া ২ ছবিটি বাগিয়েছিলেন তাপসী। জোর গুঞ্জন চলছে, বলিউড তারকা সুনীল শেঠির ছেলে আহানের সঙ্গেও ছবি করবেন তাপসী। এদিকে বরুণের বাবা ডেভিড ধাওয়ান বলিউডে প্রতিষ্ঠিত পরিচালক। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, তাপসীর সেই টুইট কি তাহলে বরুণ আর আহানকে নিয়ে ছিল? না, এমন কিছুই নয়। জানালেন তাপসী। তিনি বলেন, ‘ওইটা (টুইট) বরুণ কিংবা আহানকে নিয়ে ছিল না। আমি আসলে বুঝতে পারছি না, এটা মানুষ কেন তখন বরুণের সঙ্গে জড়িয়েছে। কারণ, এটা খুব হাস্যকর। তাঁর বাবাই আমাকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত হিসেবে নিয়ে এসেছিলেন। আর এখন তাঁরা জড়ুয়া ২–তে আমার সঙ্গে কাজ করছেন। তাই তাঁদের বেকায়দায় ফেলতে আমার তো স্বজনপ্রীতি নিয়ে কথা বলার কিছু নেই।’ তিনি আরও জানান, আহানের সঙ্গে হয়তো কাজ করা হবে না, তাই তাঁকেও এই টুইটের সঙ্গে জড়ানোর কোনো প্রশ্নই আসে না।
আরেক প্রশ্ন থেকে যায়, তাহলে কি অন্য কোনো তারকা–সন্তানকে নিয়ে তিনি এই টুইট করেছিলেন? তাপসীর সাফ উত্তর, ‘টুইট করার আগে আমি এত ভাবনাচিন্তা বা গবেষণা করি না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।