তিহার জেলে 'সর্বজিৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত ছবি ‘সর্বজিৎ’। সত্যি ঘটনার ওপর নির্মিত এই ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। ‘সর্বজিৎ’ নির্মাতা এবার ভারতের তিহার জেলে ছবিটি প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জেলখানা।

নয়াদিল্লির তিহার জেলে সেই ২০১১ সালে একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছিল। পাঁচ বছর পর ওমাং কাপুরের পরিচালিত ‘সর্বজিৎ’ ছবিটি এখানে দেখানো হবে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, চার দিন ধরে ভিন্ন ভিন্ন সময়ে এই ছবিটি জেলখানার কয়েদিদের জন্য প্রদর্শন করা হবে।

ছবির প্রযোজক বসু ভগনানি এই বিষয় নিশ্চিত করেছেন। জেলখানায় ‘সর্বজিৎ’-এর প্রদর্শন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘“সর্বজিৎ” কেবল এক কয়েদির গল্প নয়; এটি একটি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার কাহিনি। ভাইয়ের জীবন বাঁচাতে একটি বোনের সংগ্রামের কাহিনি। এটি এক নির্দোষ ব্যক্তির জেলখানায় দুঃখভোগ ও তাঁর পরিবারের কষ্টের কাহিনি।’

সর্বজিৎ ছিলেন এক সাধারণ ভারতীয় কৃষক। সন্ত্রাসী ভেবে পাকিস্তান সরকার তাঁকে দীর্ঘদিন জেলে আটকে রাখে। ভাইয়ের মুক্তির জন্য বোন দলবীর কাউর সর্বজিতের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করে গেছেন। সর্বজিতের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। আর তাঁর বোন দলবীর হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ভারতের বক্স অফিসে ছবিটির আয় প্রায় ৩০ কোটি রুপি। সূত্র: বলিউড হাঙ্গামা