তীরে এসে তরি ডোবা
প্রিয় তারকার দেখা পেতে কত কাণ্ডই না করেন ভক্তরা। কখনো বাড়ি থেকে পালান। হেঁটে পাড়ি দেন দীর্ঘ পথ। দিনের পর দিন রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেও প্রিয় তারকার সাক্ষাৎ পান না। অনেকেই আবার প্রিয় তারকার দেখা পেতে আশ্রয় নেন বিচিত্র কৌশলের। যেমনটি নিয়েছিলেন রাশমিকা মানদানার ভক্ত আকাশ ত্রিপাঠি।
পছন্দের তারকার বাড়ি খুঁজতে গিয়ে যে পুলিশি ঝামেলায় জড়াবেন, ঘুণাক্ষরেও ভাবেননি আকাশ ত্রিপাঠি।
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মানদানার তিনি ভক্ত। প্রিয় এই তারকার সঙ্গে দেখা করতে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তাঁকে হতাশই হতে হয়েছে।
ত্রিপাঠির বাড়ি তেলেঙ্গানা। বাসা থেকে বের হয়েই গুগলে প্রিয় তারকার বাসার পথ খুঁজতে থাকেন। সেই মোতাবেক চেপে বসেন ট্রেনে। গিয়ে পৌঁছান মহিশুর। সেখানে নেমে অটোতে করে যান মগ্গুলা। আবারও ইন্টারনেট দুনিয়ার সাহায্য নিয়ে হাজির হন বিরাজপেট। এটিই রাশমিকা মানদানার জন্মস্থান। ভাবলেন, বুঝি মিলেই গেল প্রিয় তারকার দেখা।
বিরাজপেট নেমেই লোকজনের কাছে রাশমিকার বাসার ঠিকানা জিজ্ঞাসা করতে থাকেন আকাশ। এতেই লোকজন তাঁকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। একসময় তাঁরা পুলিশকে খবর দিয়ে বসেন। ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশ। তারা জানায়, রাশমিকার জেলায় করোনার জন্য লকডাউন চলছে। সেখানে যাওয়া যাবে না। তার চেয়েও বড় ধাক্কা অপেক্ষা করছিল আকাশ ত্রিপাঠির ভাগ্যে। পুলিশ জানায়, তাঁর প্রিয় তারকা এখন বিরাজপেটে নেই, ‘মিশন মজনু’ সিনেমার কাজ নিয়ে মুম্বাইয়ের নতুন বাড়িতে আছেন। পরে পুলিশ তাঁকে বুঝিয়ে–শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।