তৈমুর যাবে সুইজারল্যান্ডে

‘স্বজনপ্রীতি’ নাটকে রীতিমতো ক্লান্ত বলিউড তারকা সাইফ আলী খান। এবার সবকিছু পেছনে রেখে শুধুই কাটাবেন অলস অবসর। বলিউডের নবাব দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর ছুটি কাটাতে সুইজারল্যান্ড রওনা দিয়েছেন। ছোট্ট নবাব তৈমুরও ‘সাইফিনা’র সফরসঙ্গী হয়েছে এবার। কিছুদিন আগেই তৈমুর সাত মাসে পা দিল। সাইফিনার জীবনে সন্তান আসার পর এই প্রথম তাঁরা বিদেশে পাড়ি দিলেন ছুটি কাটাতে। রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে এই সফর সাইফ-কারিনা দম্পতির জন্য খুব জরুরি হয়ে উঠেছিল।
জানা গেছে, সাইফ, কারিনা ও তৈমুর সুইজারল্যান্ডের রয়াল জিস্ট্যাড প্যালেসে দুই সপ্তাহ ছুটি কাটাবেন। শাহি দম্পতি প্যালেসের একটি সুট বুক করেছেন। বিয়ের পর সাইফ-কারিনা প্রথম আন্তর্জাতিক সফরে যান এই সুইজারল্যান্ডেই। আদরের বেগমকে নাকি সাইফ কথা দিয়েছিলেন, প্রতিবছর এখানেই তাঁরা ছুটি কাটাতে আসবেন। গত পাঁচ বছর ধরে সাইফ তাঁর কথা রেখেছেন। এমনকি বেবো এক দৈনিক সংবাদপত্রে সাক্ষাৎকারের সময় বলেছিলেন, ‘আমার মাথায় বন্দুক রেখে আমার জীবনের শেষ ইচ্ছেটা যদি কেউ জানতে চায়, তা হলো জিস্ট্যাড প্যালেসে শেষ ছুটি কাটানো। বিশ্বের সবচেয়ে সুন্দর ও রোমান্টিক জায়গা এটি।’
সাইফ-কারিনা শুধু অলসভাবেই ছুটির দিনগুলো কাটাতে চান। তবে বেবোর বেশ কিছু কেনাকাটারও ইচ্ছে আছে। নবাব দম্পতি ওখানে ইয়োগা সেশনেও যোগদান করবেন। সুইজারল্যান্ডের বিখ্যাত অরগানিক দুধের মজাও তাঁরা নেবেন বলে জানিয়ে একটি সূত্র।

সুইজারল্যান্ড থেকে ফিরে সাইফ ও কারিনা নিজেদের আগামী ছবির কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে। তাই এই দম্পতি চেয়েছিলেন তৈমুরের সঙ্গে কিছু অলস দিন একান্তে কাটাতে।