তৈমুরকে আড়াল করতে চান না 'সাইফিনা'

‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছেন কারিনা কাপুর খান। সন্তান জন্মের পর এবারই প্রথম কোনো সাময়িকীর প্রচ্ছদের জন্য পোজ দিলেন এই তারকা। তা ছাড়া দিল্লিতে ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমার শুটিংও শুরু করেছেন এই মাস থেকে। ছেলে তৈমুর গেছে মায়ের সঙ্গে। এখন তো কারিনা ও সাইফ আলী খানের চেয়ে তাঁদের সন্তান তৈমুরই বড় তারকা হয়ে উঠেছে। এই ছোট নবাব যেখানেই যায় সেখানেই পাপারাজ্জিরা ওত পেতে থাকেন তার ছবি তোলার জন্য। অন্য সব তারকা অবশ্য এসব ব্যাপারে খুব কড়া। সন্তানকে তাঁরা সহজে গণমাধ্যমের সামনে আনতে চান না। কিন্তু ‘সাইফিনা’ (সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে একসঙ্গে এই নামে ডাকা হয়) জুটি এই ব্যাপারে উদার। সন্তানকে তাঁরা লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি কখনো।

কারিনা বলেন, তৈমুর জন্মের আগে থেকেই তিনি ও সাইফ এ বিষয়ে আলোচনা করেছেন। কারিনা সব সময় চান তাঁদের সন্তানের গায়ে যেন ‘তারকা সন্তান’-এর সিল না লেগে যায়। যতটা সম্ভব ছেলেকে তার মতো করে থাকতে দিতে চান।

কিন্তু চাইলেই কি আর তা সম্ভব? আর এ বিষয়টিই তাঁকে বুঝিয়েছেন সাইফ। সাইফ মনে করেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজনই তারকা, তাঁদের সন্তান নিয়ে সবার আগ্রহ থাকবে, সবাই ছবি তুলতে চাইবে, এটা খুব স্বাভাবিক। একদিন না একদিন তো দুনিয়ার সামনে ছেলেকে আনতেই হতো, তাই আর এত রাখঢাক করে কী লাভ?

এ জন্য কারিনা সন্তান গর্ভে থাকার সময় থেকেই নিজেকে একদম আড়াল করার চেষ্টা করেননি। তৈমুরের জন্মের পরপরই তার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এখনো এই শিশু যেখানেই যায়, সেখানকার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। এই নিয়ে ‘সাইফিনা’ জুটির কোনো ক্ষোভ বা আফসোস নেই। বরং ছেলের তারকা খ্যাতি ভালোই উপভোগ করছেন দুজন। ডিসেম্বরে এক বছর পূর্ণ করবে তৈমুর আলী খান। ইন্ডিয়া এক্সপ্রেস।

