তৈমুরকে দূরে পাঠাচ্ছেন সাইফ আর কারিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা কারিনা কাপুর খান ও বাবা সাইফ আলী খানের সঙ্গে তৈমুর আলী খান
মা কারিনা কাপুর খান ও বাবা সাইফ আলী খানের সঙ্গে তৈমুর আলী খান

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আগামী ডিসেম্বরে এক বছর পূর্ণ করবে। তবে বয়সে ছোট হলেও তৈমুর এখন বলিউডের বিশাল বড় তারকা। গ্ল্যামার জগৎ সব সময় তাকে ঘিরে রাখছে। তৈমুর কোথাও বেড়াতে গেলেও তা খবর হয়। মা-বাবা হিসেবে সাইফ ও কারিনা বিষয়টা শুরুতে বেশ উপভোগ করছিলেন। কিন্তু এখন তা এমন পর্যায়ে পৌঁছেছে যে ‘সাইফিনা’ দম্পতি ছেলেকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেছেন। সন্তানের ভবিষ্যতের কথাও তাঁদের নতুন করে ভাবতে হচ্ছে। এমনিতে তৈমুরকে চোখের আড়াল করতে মন চায় না কারিনার। এ জন্য শুটিংয়েও ছেলেকে সঙ্গে নিয়ে যান। কিন্তু তিনিই কিনা এখন ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠানোর কথা ভাবছেন! সাইফ জানান, তৈমুরের ভালোর জন্যই তিনি আর কারিনা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পেনিয়ন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, তৈমুরকে তাঁরা ইংল্যান্ডের কোনো ভালো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবেন। তাঁদের ছেলে যেভাবে গণমাধ্যমের নজর দখল করে বসে আছে, তাতে ভবিষ্যতে ওর ওপর খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন নবাব দম্পতি।

মা কারিনার কোলে তৈমুর
মা কারিনার কোলে তৈমুর

সাইফ বলেন, তিনি তৈমুরকে সাধারণ সব শিশুর মতোই বড় করতে চান। যেভাবে বড় হয়েছেন তাঁর অন্য দুই সন্তান সারা ও ইব্রাহিম। কিন্তু তৈমুরকে ঘিরে বলিউডের যে আগ্রহ, তা একটু বড় হলেই তাঁদের সন্তানকে বিগড়ে দিতে পারে। এ জন্য ইংল্যান্ডের সুন্দর একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে তাঁকে পড়াশোনা করানোর কথা ভাবছেন সাইফ-কারিনা।

এর আগে অবশ্য ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, তারকার সন্তান হওয়ার কারণে তৈমুর বাড়তি মনোযোগ পাবে, এটাই স্বাভাবিক। বিষয়টা তাঁরা মেনে নিয়েছেন। কিন্তু কারিনা ও সাইফ চান সন্তানকে সাধারণভাবে মানুষ করতে। তারকাখ্যাতি সন্তানের চরিত্র ও জীবনধারায় কোনো খারাপ প্রভাব ফেলুক, সেটা তাঁরা চাননি। কিন্তু ছেলেকে বলিউডের ঝলমলে জগৎ থেকে দূরে রাখতে যে এত জলদি বিদেশে পাঠিয়ে দেবেন, এটা সত্যি অবাক করা বিষয়।

তৈমুরকে নিয়ে ‘সাইফিনা’ দম্পতির সুখী পরিবার
তৈমুরকে নিয়ে ‘সাইফিনা’ দম্পতির সুখী পরিবার

যদিও তারকার সন্তানদের বিদেশে পড়তে পাঠানোর চল ভারতে নতুন নয়। এর আগে শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান আর সুহানাও বিদেশের বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে। সাইফের মেয়ে সারাও বিলেত থেকে পড়ে এসেছেন। অমিতাভ বচ্চনের নাতনিও আছেন এই তালিকায়। কিন্তু তৈমুরের মতো এত অল্প বয়সে কোনো তারকা সন্তানকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছে বলে খবর নেই।

এমনিতেই সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিন্দুকেরা বারবার কারিনা কাপুর খানের মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আসছেন। ছেলেকে ফেলে কারিনা কেন স্বামীর সঙ্গে নৈশভোজে গেলেন? সন্তানকে ফেলে কারিনা কেন শরীরচর্চায় বেশি সময় দিলেন? মা হতে না হতেই তিনি কেন র‍্যাম্পে হাঁটলেন—এমন শত শত প্রশ্নবাণে সদা জর্জরিত করা হয় কারিনাকে। এখন কারিনা ও সাইফ যদি ছোট্ট তৈমুরকে সত্যি সত্যি বিলেতে বোর্ডিং স্কুলে পাঠান, তাহলে নিন্দুকেরা গালমন্দ করতে আর বাকি রাখবেন না। ফেমিনা