তৈমুরের জন্মদিনে সেজেছে 'পতৌদি প্রাসাদ'

ছেলের প্রথম জন্মদিন উদ্যাপনের জন্য সাইফ আলী খান ও কারিনা কাপুর খান এরই মধ্যে পৌঁছে গেছেন হরিয়ানায়। গত শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরাবন্দী করেন। হরিয়ানার পতৌদি প্রাসাদে আয়োজন করা হচ্ছে তৈমুরের প্রথম জন্মদিনের অনুষ্ঠান। গত রোববার তৈমুরের খালা কারিশমা কাপুর, নানি ববিতা আর দুই খালাতো ভাইবোন এখন পতৌদি প্যালেসে। নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে তৈমুরের পূর্বপুরুষদের তৈরি এই প্রাসাদ। পতৌদি ও কাপুর পরিবারের সবাই মিলে সেখানে বার্বি-কিউ পার্টির আয়োজন করে।

আগামীকাল ২০ ডিসেম্বর তৈমুর আলী খান এক বছর পূর্ণ করবে। কয়েক দিন আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাইফ আলী খান আর কারিনা কাপুর খান দম্পতির সন্তান তৈমুরের প্রথম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে রাজকীয়ভাবে। হরিয়ানায় পতৌদির প্রাসাদে রাজকীয়ভাবে এই জন্মদিন উদ্যাপনের ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে কারিশমার প্রকাশিত ছবি থেকে এর সত্যতা পাওয়া যায়।

২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিল পতৌদির এই ছোট নবাব। সম্প্রতি তৈমুরের খালা আরেক বলিউড তারকা কারিশমা কাপুর সংবাদমাধ্যমকে জানান, তৈমুরের জন্মদিন ধুমধাম করে পালন করার কোনো পরিকল্পনা নেই। এখন শোনা যাচ্ছে অন্য কথা। রাজকীয়ভাবে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই দুই তারকার পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরা।

তৈমুরের দাদি শর্মিলা ঠাকুর দিল্লিতে ছিলেন। তিনি যাচ্ছেন হরিয়ানায়। তাঁদের সঙ্গে আরও যোগ দেওয়ার কথা নানা রণধীর কাপুর, ফুপু সোহা আলী খান, ফুপা কুনাল খেমু আর কয়েক মাস বয়সী ফুপাতো বোন ইনায়ার। এই আয়োজনে বলিউড তারকারা নিমন্ত্রণ পাবেন কি না, তা জানা যায়নি। এর আগে বলিউডের অন্য দুই তারকার সন্তান আরাধ্য বচ্চন ও আদিরা চোপড়ার জন্মদিন জাঁকজমক করে পালন করা হয়েছে। আরাধ্য ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে। আর আদিরা হলো রানী মুখার্জি ও নির্মাতা আদিত্য চোপড়ার সন্তান। তবে, মেয়ের জন্মদিনের সব রকমের হৈ হল্লা থেকে একেবারেই দূরে ছিলেন শহিদ কাপুর ও মিরা রাজপুর দম্পতি। তাঁদের একমাত্র সন্তান মিশার প্রথম জন্মদিন তাঁরা কাটিয়েছেন নিরিবিলিতে। সেদিন মিশার দাদা ও নানাবাড়ির কয়েকজন মিলে একটি পার্কে বনভোজনের আয়োজন করেন। ইন্ডিয়া ডটকম।
