তোপের মুখে শাহরুখ

বলিউডের অভিনেতা শাহরুখ খানকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুজন নেতা ‘পাকিস্তানি এজেন্ট’ হিসেবে উল্লেখ করার পর দিল্লিতে এক অনুষ্ঠানে সালমান খান বলেছেন, ‘আমরা সবাই ভারতীয়’। কিন্তু শাহরুখ খানকে নিয়ে বিজেপির বিতর্ক চলছেই।
সম্প্রতি ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়টি নিয়ে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন শাহরুখ খান। তাঁর মন্তব্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বিজেপির তোপের মুখে পড়েন তিনি। শাহরুখকে ‘পাকিস্তানি এজেন্ট’ হিসেবে উল্লেখ করে দলটির দুজন নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করেন।
এদিকে, দিল্লিতে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে সালমান খান বলেন, যদিও এ বিষয়টি আলোচনার জায়গা নয় এটা। কিন্তু আপনারাই ভাবুন। আমরা সবাই এখানে উপস্থিত। যারা এখানে বসে আছেন তাঁরা সবাই ভারতীয়।
এদিকে, বিজেপি নেতা কৈলাস শাহরুখ খানের বিপক্ষে মন্তব্য করলেও দলটির একজন জ্যেষ্ঠ নেতা ভেনকাইয়া নাইডু বলেছেন, একজন মন্তব্য করলেই সে বিষয়টা দলের মন্তব্য বলে ধরে নেওয়া ঠিক না। তিনি বলেন, শাহরুখ খানকে আমরা ভালোবাসি।’ এদিকে, দলটির নেতা কৈলাস শাহরুখ প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়ে জানিয়েছেন, তাঁকে ভুল বোঝা হয়েছে।
শাহরুখের বিরুদ্ধে বিজেপির কারও কারও এই বিষোদ্গারের পর ভারতের আরেক রাজনৈতিক দল শিবসেনা এ অভিনেতার প্রসঙ্গে জানিয়েছে, শাহরুখ খান মুসলমান বলে তাঁকে ‘টার্গেট’ করা ঠিক হবে না।
কিন্তু পরিস্থিতি এর পরও স্বাভাবিক হয়নি। বিজেপির আরেকজন নেতা ও সাংসদ আদিত্যনাথ গতকাল শাহরুখ খানকে সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে তুলনা করে জানিয়েছেন, তাঁদের (শাহরুখ খান) চলে যাওয়া উচিত। তিনি বলেন, তাঁরা চলে গেলে (পাকিস্তানে) আমরা স্বাগতই জানাব। বিজেপির এই নেতা আরও বলেন, শাহরুখ খান এবং কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদের ভাষার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না।