তোমার চুলে হারিয়ে যায় মন...
‘তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন।’ নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপনের সংলাপটি মনে পড়ে গেল দীপিকার ছবিতে রণবীরের মন্তব্য দেখে। বলিউডের এই জুটির রসায়নটা অন্য রকম। অনেকে তো বলেনই, দীপিকার সবচেয়ে বড় ভক্ত রণবীর সিং। দুজনের ব্যক্তিত্বের ধরন সম্পূর্ণ আলাদা। তবু যেন কত মিল! শুধু বাস্তব জীবনে নয়, পর্দায়ও তাঁদের রসায়ন দারুণ। ‘রাম–লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’-এ এই জুটির রসায়ন বক্স অফিসকে এনে দিয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। যদিও সর্বশেষ ‘৮৩’ ছবিটি ব্যতিক্রম।
বিয়ের পর থেকে রণবীর তাঁর স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। প্রকাশ্য কোনো অনুষ্ঠানে বা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রশংসার সুযোগ হাতছাড়া করেন না রণবীর। সুযোগ পেলে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। বুধবার ইনস্টাগ্রামে নিজের এলোমেলো চুলের ছবি পোস্ট করলেন দীপিকা। আর সেই চুলেই হারিয়ে গেল রণবীরের মন!
বুধবার একটি সেলফি শেয়ার করেন দীপিকা। যে ছবির ফোকাস তাঁর চুল। এমনিতে দীপিকা তাঁর চুল নিয়ে খুব একটা সন্তুষ্ট নন, বরং হতাশ। সেটা আবার প্রকাশ পেল। ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘চেষ্টা করেছিলাম চুল নিয়ে ওই জিনিসটা করতে, যা সব মানুষ করছে এবং খুব বিশ্রীভাবে ফেল করলাম!’ অর্ধেক মুখ চুলে ঢেকে রয়েছে, এমন ছবি এই ক্যাপশনের সঙ্গে পোস্ট করেন দীপিকা। সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি।
যথারীতি এই পোস্টের মন্তব্যের ঘরে সক্রিয় তাঁর বর। রোমান হরফে হিন্দি ভাষায় রণবীর লিখেছেন রীতিমতো রোমান্টিক নাটকের সংলাপ। যা সরাসরি বাংলা করলে দাঁড়ায় ‘তোমার চুলে হারিয়ে যায় মন।’ সঙ্গে জুড়ে দেন চুম্বন আর লাল হৃদয়ের ইমোজি। স্ত্রীর প্রতি রণবীরের এই প্রকাশ্য মন্তব্য নজর এড়ায়নি নেটপাড়ার। মজাদার কমেন্টে দীপিকার ইনস্টাগ্রাম ভরিয়েছেন তাঁরা।
রসিক একজন লিখেছেন, ‘হাঁচি হবে তো ভাই।’ একজন তো রণবীরকে খুশকি বানিয়ে ছাড়লেন, ‘ভাই, আপনি তো দেখছি খুশকি।’ অপর একজন লেখেন, ‘স্যার, ফেঁসে যাবেন।’
২০১৮ সালের ১৩ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন বলিউড তারকা দীপিকা ও রণবীর। বিয়ের আসরে হাজির ছিলেন শুধু দীপিকা-রণবীরের পরিবারের সদস্যরা। বিয়ের তিন বছর পরও তাঁদের রোমান্টিকতায় ভাটা পড়েনি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন—এই জুটির রসায়ন আলোচনায় আসে।
বক্স অফিসে রণবীর-দীপিকার শেষ রিলিজ ছিল ‘৮৩’। দুর্ভাগ্যবশত এই স্পোর্টস ড্রামা তেমনভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছে। তবে এই তারকা দম্পতির হাতে এখন একগুচ্ছ কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার ‘গেহরাইয়া’। শকুন বাত্রা পরিচালিত এ ছবি আগামী ১১ ফেব্রুয়ারি সরাসরি আমাজন প্রাইমে মুক্তি পাবে। অন্যদিকে ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’, ‘রকি অউর রানী কি প্রেমি কাহানি’র মতো ছবি হাতে রয়েছে রণবীরের।