তোমার নিশ্বাসের মাঝে সময় থেমে গেছে
আজ থেকে ৫৩ বছর আগের কথা। রাজস্থানের মুসলিম পাঠান পরিবারে জন্ম নেন ইরফান খান। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বলিউডে গড়ে তোলেন নিজের রাজ্য। গত বছর ২৯ এপ্রিল চলে গেলেন জীবননদীর ওপারে। মৃত্যুর পর আজ তাঁর প্রথম জন্মদিন। জন্মদিনে প্রিয় মানুষের স্মৃতিচারণায় থাকলেন এই বলিউড অভিনেতা।
সুতপা বুঝতেই পারছেন না...
ইরফানহীন নতুন বছরকে কীভাবে বরণ করে নেবেন, বুঝতেই পারছেন না স্ত্রী সুতপা শিকদার। ২০২০ সালকে জীবনের কঠিন আর বীভৎসতায় পূর্ণ বছর উল্লেখ করে সুতপা লেখেন, ‘২০২০ আমার জীবন থেকে আমার জীবনকে কেড়ে নিল। গত বছরও তুমি এই সময় সঙ্গে ছিলে, ইরফান। বাগান করছিলে। পাখিদের জন্য বাসা বানাচ্ছিলে। আর আজ তুমি নেই। আমি বুঝতেই পারছি না ২০২১ সালকে কীভাবে স্বাগত জানাব! আমি একরাশ শূন্যতার ভেতর শূন্য হয়ে রয়ে গেছি।’
‘ইরফান আমার জীবন বাঁচিয়েছিল’
হাইদার আলী জায়েদি একজন ভারতীয় পুলিশ কর্মকর্তা। তবে এই লেখায় তাঁর পরিচয় তিনি ইরফানের বন্ধু। ইরফানের স্মৃতিচারণা করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা রাজস্থানের জয়পুরে একই সঙ্গে স্কুল আর কলেজে পড়েছি। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, ফিরতাম। একবার ইরফান আমার জীবন বাঁচিয়েছিল। একবার স্কুলে যাওয়ার সময় আমি একটি ইলেকট্রিক তার ধরেছিলাম। ইরফান আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেবার বাঁচিয়েছিল। বড় তারকা হওয়ার পরও আমরা যোগাযোগ রেখেছি। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি। কে বলবে সে বলিউড আর হলিউডের বড় তারকা! সে যেন ছোটবেলার সেই ইরফান।’
‘মনে হয় তুমি লম্বা একটা শুটিংয়ে গেছ’
ইরফানের ছেলে বাবিল খান প্রায়ই বাবার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। আর বাবাকে উদ্দেশ করে লেখে খোলা চিঠি। সে রকমই একটা ছবির নিচে বাবিল লিখেছে, ‘বাবা জানো, আমার এখনো বিশ্বাসই হয় না যে তুমি নেই। আমার মনে হয় তুমি একটা লম্বা শুটিংয়ে গেছ। শুটিং সেরে আবার তুমি ফিরে আসবে। যেভাবে প্রতিবার আসো। তুমি আমার কাছে ফিরবে, আমাদের কাছে ফিরবে। এই মাটিতে ফিরবে। কিন্তু বাবা, তুমি আর ফিরবে না। এখানে তোমার নিশ্বাসের মাঝে সময় থেমে গেছে। তুমি ওখানেই থাকো। আমরাই তোমার কাছে ফিরব। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে।’