ত্রিশ দিনের স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

মেয়ের নাকে অস্ত্রোপচারের জন্য জেল থেকে সম্প্রতি এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। জেল থেকে তাঁর বারবার মুক্তি পাওয়ার বিষয়টি এর আগে ‘ভিআইপি মর্যাদা’ হিসেবে সমালোচিত হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসেও একবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন সঞ্জয়। জেল থেকে বের হয়ে আরও কয়েক দিন মুক্ত থাকার আবেদন করলে তা সে সময় বাতিল হয়েছিল। যা হোক, মেয়ের নাকে অস্ত্রোপচারের সুবাদে আপাতত ত্রিশ দিনের স্বাধীনতা পাচ্ছেন সঞ্জয়।

২০১৩ সালের মে থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৮ দিন জেলের বাইরে থাকার সুযোগ পেয়েছেন সঞ্জয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অপরাধে ২০১৩ সালে জেলে যেতে হয় তাঁকে। ২০০৭ সালে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। ওই সময় দেড় বছর জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত আইনি লড়াই চালান। তবে ২০১৩ সালে আদালত আবারও কারাদণ্ড দেন তাঁকে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, এ বছরের জুন মাসে মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের প্যারোল আবেদন করেছিলেন সঞ্জয়। দুই দিন আগে সে আবেদন মঞ্জুর করেছে কারা কর্তৃপক্ষ। এক মাসের এই প্যারোলে মুক্তি পরবর্তীতে আরও দুই মাস বাড়ানো হতে পারে।
প্যারোলের মেয়াদ বাড়লে আগামী ৯০ দিন স্বাধীনতা ভোগ করতে পারবেন সঞ্জয়।


সর্বশেষ, ২০১৪ সালে মুক্তি পাওয়া আমির খানের সাড়া জাগানো ‘পিকে’ ছবিতে দেখা গেছে সঞ্জয়কে।