দম ফেলার ফুরসত নেই শ্রদ্ধার

আগামী বছর মুক্তি পাবে শ্রদ্ধা কাপুরের তিনটি ছবি—ওকে জানু, হাফ গার্লফ্রেন্ড ও হাসিনা: দ্য কুইন অব মুম্বাই। আর সামনের মাসেই মুক্তি পাবে তাঁর অভিনীত রক অন টু। এ বছরটি তাই ভীষণ ব্যস্ততায় যাচ্ছে শ্রদ্ধার। সকাল থেকে রাত পর্যন্ত কেবল কাজ আর কাজ। মাঝেমধ্যে নাকি তাঁর মনে হয়, একটু বেশি ঘুমাতে পারলে ভালো হতো। তবে এ নিয়ে কোনো আফসোস নেই এই নায়িকার। কারণ, ছোটবেলা থেকে নাকি এই রকম একটি জীবনেরই স্বপ্ন দেখতেন তিনি।
অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা এখন বলিউডের ব্যস্ততম নায়িকা। তিনি বলেন, ‘আমি এখন আক্ষরিক অর্থেই প্রতিদিন শুটিং করছি। তবে কাজ করে আমি কখনো ক্লান্ত হই না; বরং যখন হাতে কোনো ছবির কাজ থাকে না, তখনই আমার অস্থির লাগে।’
কিন্তু মেয়ে যে দিনরাত কাজ করেই কাটিয়ে দিচ্ছে, একটুকুও বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না, এই বিষয়টা কীভাবে দেখছেন শ্রদ্ধার মা-বাবা? এর উত্তরে শ্রদ্ধা হেসে বলেন, ‘আমার কাজ করা নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই। শুধু আমাকে অতিরিক্ত চাপ নিতে দেখে মাঝেমধ্যে দুশ্চিন্তা করেন তাঁরা। আমার ঠিকমতো বিশ্রাম হচ্ছে কি না, এটাই তাঁদের চিন্তার বিষয়।’
শ্রদ্ধা অবশ্য বরাবরই মা-বাবাকে এই বলে আশ্বস্ত করে আসছেন, অভিনয় তাঁর ভালোবাসার জায়গা। তাই ২৪ ঘণ্টা এর মধ্যে ডুবে থাকতেও তাঁর কোনো আপত্তি নেই। হিন্দুস্তান টাইমস।