দর্শকের সঙ্গে আত্মিক যোগ আমিরের

আমির খান তাঁর বলিউডে নিজের অবস্থান নিয়ে কখনো ভাবনায় পড়েছেন বলে জানা যায়নি। নিজের মতো করে একই গতিতে বেছে বেছে কাজ করে চলেছেন এ তারকা। বলিউড তারকা হিসেবে দেশে বিদেশে সুখ্যাতি যেমন আছে, তেমনি নানা সময়ে প্রস্তাবও পেয়েছেন। কিন্তু আমির খান সেদিকে আগ্রহ দেখাননি। তিনি চান, দেশের মধ্যেই কাজ করতে।
বলিউডের বাইরে হলিউড তথা পশ্চিমের বাজারে কাজ করার সেরকম ইচ্ছে বা আগ্রহ নেই তাঁর। এমনটাই জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। ৫১ বছর বয়সী ‘পিকে’খ্যাত এ তারকা আরও বলেন, এই ইন্ডাস্ট্রিতে পুরুষতান্ত্রিক মানসিকতারও পরিবর্তন করা উচিত। পুরুষ বা নারী সেই ভেদে সম্মানী ঠিক করা উচিত নয়। পুরুষ-নারী নয়, কাজের নিরিখেই ঠিক করা হোক সম্মানী বা পারিশ্রমিক।
সম্প্রতি মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এ তারকাকে প্রশ্ন করা হয়েছিল, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন যে পথে হেঁটেছেন, তিনিও সেই পথে হাঁটবেন কি না। এই প্রশ্নের উত্তরে আমির জানান, এ বিষয়ে তাঁর সেরকম একটা আগ্রহ নেই। বলেন, অতীতে হলিউড ছবিতে অভিনয়ের একাধিক প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু গল্প, চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হননি তিনি। একমাত্র ভালো ছবিতেই তাঁর আগ্রহ। যে ছবি আমার হৃদয় ছুঁয়ে যায়, মনে হয় তাতে পারফর্ম করতে ভালো লাগবে, সে ছবিতেই কাজ করতে রাজি হই।
তবে হলিউডে অভিনয়ে আগ্রহ না পাওয়ার আরও একটি কারণ আছে আমিরের। এ দেশের দর্শকদের সঙ্গে একটা আত্মিক যোগ অনুভব করেন তিনি। ‘২৭ বছর তিলে তিলে এ সম্পর্ক পোক্ত হয়েছে। আমি অনেক পেয়েছি এখানে। কিন্তু বিদেশে সেটা নাও পেতে পারি। তাই, আমেরিকা, চীন, জাপান থেকে কাজের অফার পেলেও রাজি হইনি।’—বললেন আমির।