দাউদ ইব্রাহিম হলেন ফারহান
খুব বেশি দিন আগের ঘটনা নয়। সময়টা আশি দশকের শেষ নব্বই দশকের শুরুর দিককার। ভারতের মুম্বাই (তখনো বম্বে)। ওই সময় মুম্বাই কাঁপাচ্ছে একটি বিশেষ দল। নানা রকমের অপকর্মে জড়িয়ে আছে এ দলের সদস্যরা। একের পর এক অপহরণ, মুক্তিপণের দাবিতে ফোন বা পাথরের সঙ্গে মুড়ে এক টুকরো কাগজ। লক্ষ্য বড় ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত উচ্চবিত্তরা। প্রশাসনের ঘুম হারাম।
তখন মুম্বাই শহরের ত্রাস হয়ে ওঠে এক গ্যাংস্টার আর তাঁর দল। নাম অরুণ গাওলি। পরে অবশ্য এই গ্যাংস্টারই ‘অখিল ভারতীয় সেনা’ নামে একটি দল গঠন করে মহারাষ্ট্রের রাজনীতির ময়দানে অবতীর্ণ হন, ব্যাপক সাফল্য পান।
এই গ্যাংস্টার থেকে জননেতা হয়ে ওঠা অরুণ গাওলির জীবনী নিয়ে ছবি হচ্ছে বলিউডে। ছবির নাম ‘ড্যাডি’। অসীম আলুওয়ালিয়া পরিচালিত এই ছবিতে অরুণ গাওলির ভূমিকায় দেখা যাবে অভিনেতা অর্জুন রামপালকে। এই ছবিতে দাউদ ইব্রাহিমের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।
জানা গেছে, ছবির মূল পর্বের শুটিংয়ের কাজ প্রায় শেষ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস